Published : 24 Jun 2026, 08:13 PM
নকআউট পর্বের টিকেট যদিও এখনও মেলেনি, তবে তা নিয়ে খুব একটা অনিশ্চয়তাও নেই মরক্কোর। গ্রুপের অবস্থান বিচারে পরের ধাপে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কে হতে পারে, তা নিয়েও আছে জল্পনা কল্পনা। সমর্থকরা হয়তো নানা অঙ্ক কষাও শুরু করে দিয়েছেন। তবে, দলটির প্রধান কোচ মোহামেদ ওয়াহবি সেসব নিয়ে না ভেবে সবার আগে ব্রাজিলকে টপকে গ্রুপ সেরা হতে চান।
আটলান্টায় বৃহস্পতিবার ভোর ৪টায় হাইতির মুখোমুখি হবে মরক্কো। ম্যাচটিতে হার এড়ালেই, অন্য কোনো হিসাব ছাড়াই শেষ বত্রিশে জায়গা করে নিবে তারা। আর জিতলে হবে ৭ পয়েন্ট, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও তৈরি হবে তাদের।
একই সময়ে মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল, ম্যাচটি জিতলে তাদেরও হবে ৭ পয়েন্ট। মরক্কো ও ব্রাজিলের মুখোমুখি লড়াই সমতায় শেষ হওয়ায়, পয়েন্ট সমান হওয়ায় তখন দেখা হবে দুই দলের মধ্যে গোল ব্যবধান এবং প্রয়োজনে অন্যান্য শর্ত।
গ্রুপ রানার্সআপ হলে শেষ বত্রিশে শক্তিশালী নেদারল্যান্ডসের সামনে পড়তে পারে মরক্কো। ‘এফ’ গ্রুপের ডাচদের সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরে নিয়েই এই আলোচনা চলছে। তবে সেই আলোচনায় যেতেই চাইলেন না ওয়াহবি।
“আমার প্রথম চাওয়া হাইতিকে হারানো এবং ব্রাজিলের ওপরে থেকে গ্রুপ পর্ব শেষ করা।”
“আলোচনা চলছে যে, আমরা হয়তো এরপর (শেষ বত্রিশে) নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারি। এটা তো জাপানও হতে পারে, এরপর ফ্রান্স ও কিংবা আর্জেন্টিনা। কিন্তু এইসব নিয়ে আমরা ভাবছি না।”
‘এফ’ গ্রুপেও এখনও কোনো কিছু নিশ্চিত নয়। ‘সি’ গ্রুপের মতোই সেখানে পয়েন্ট টেবিলের চেহারা ঠিক একইরকম; জাপানের সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে নেদারল্যান্ডস।
আর ‘সি’ গ্রুপে বর্তমানে দুই ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ব্রাজিল। দুইয়ে মরক্কো। পরের ধাপে খেলা এখনও নিশ্চিত না হলেও, তা নিয়ে একদমই ভাবছেন না ওয়াহবি।
“হয়তো আমরা ইতোমধ্যে নকআউটে উঠে গেছি, কিন্তু আমরা হাইতিকে হারাতে চাই। তাই আমরা সেরা দল মাঠে নামাব। আমরা একই শুরুর একাদশ খেলাতে পারি, তবে কিছু বিষয় আছে সেগুলো ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”