২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

তরুণ এন্দ্রিককে বড় ভূমিকায় দেখতে চান দানিলো

এন্দ্রিককে ব্রাজিলিয়ান ফুটবলের দুর্লভ রত্ন মনে করেন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো।

তরুণ এন্দ্রিককে বড় ভূমিকায় দেখতে চান দানিলো
এন্দ্রিক। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 08:26 AM

Updated : 19 Sep 2026, 02:24 PM

বিশ্বকাপ অভিষেকের অপেক্ষার প্রহর গোনা এখনও শেষ হয়নি এন্দ্রিকের। মরক্কোর বিপক্ষে ম্যাচে দারুণ সম্ভাবনাময় এই তরুণ স্ট্রাইকারকে খেলাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে, এন্দ্রিকের মতো তরুণদের হাতেই সেলেসাওদের ভবিষ্যৎ দেখছেন দানিলো। অভিজ্ঞ এই ডিফেন্ডার, এন্দ্রিককে দেখতে চান বড় দায়িত্বে।

মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল। চোটের কারণে এ ম্যাচে খেলতে পারেননি দলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তার অনুপস্থিতিতে, ভিনিসিউস জুনিয়রের কাঁধে ওঠে গোল এনে দেওয়ার ভার। সমতা ফেরানোর গোলটিও করেন রেয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। কিন্তু এর বাইরে আক্রমণভাগে জ্বলে উঠতে পারেননি কেউ।

এ কারণে, আলোচনায় উঠে এসেছে, মরক্কো ম্যাচে খেলার সুযোগ না পাওয়া এন্দ্রিক। ২০২৩ সালে তিনি যখন সিনিয়র দলে ডাক পান, তখন ছিলেন রোনালদো নাজারিওর পর সবচেয়ে কমবয়সী পুরুষ ফুটবলার। আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে অভিষেক হয় তার, ব্রাজিলের চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে।

অভিষেকের চার মাস পর, জাতীয় দলের হয়ে তৃতীয় ম্যাচে প্রথম জালের দেখা পান এন্দ্রিক। এবং টানা তিনটি ম্যাচে গোল করেন তিনি।

ফিলাডেলফিয়ায় শনিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচে এন্দ্রিক খেলবেন কিনা, তা নিশ্চিত নয় এখনও। তবে, ১৯ বছর বয়সী এই স্ট্রাইকারের প্রতি নিজের মুগ্ধতা ও আস্থার কথা জানিয়ে রাখলেন দানিলো।

“ব্রাজিলিয়ান ফুটবলে এন্দ্রিক একটি দুর্লভ রত্ন। সে শক্তিশালী খেলোয়াড়, ম্যাচের নির্ণায়ক। একজন তারকা। বড় ভূমিকায় আমরা তাকে পেতে চাই।”

“আমার মতে, কাসেমিরো, নেইমার (এবং আমি)…এটাই আমাদের শেষ সুযোগ। জাতীয় দল এই নতুনদের নিয়ে সামনে পথ চলবে। তরুণরা যেন নিজেদের গুরুত্বপূর্ণ অনুভব করে, আমরা সেই কাজটি করতে পারি। গত ম্যাচে এন্দ্রিক খেলেনি, এটা ছিল কোচের সিদ্ধান্ত। সে এমন একজন খেলোয়াড়, যে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”