২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের পারফরম্যান্সকে গড়পড়তার নিচে বললেন ডাচ কোচ

ফ্রান্সের বিপক্ষে হারের পর নেদারল্যান্ডসের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট রোনাল্ড কুমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2023, 05:52 PM

Updated : 28 Mar 2023, 12:56 PM

ম্যাচ শুরুর ৮ মিনিটের মধ্যে দুই গোল, ২১ মিনিটের মাথায় তিন গোলে পিছিয়ে পড়া নেদারল্যান্ডস আর ঘুরে দাঁড়াতে পারেনি। পরে আরেকটি গোল খেয়ে ফ্রান্সের বিপক্ষে বড় ব্যবধানে হারে তারা। দলের বিবর্ণ এই পারফরম্যান্সকে গড়পড়তার নিচে বললেন ডাচ কোচ রোনাল্ড কুমান। 

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ফরাসিদের বিপক্ষে স্রেফ উড়ে যায় নেদারল্যান্ডস। প্যারিসে শুক্রবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৪-০ গোলে হারে তারা। 

দ্বিতীয় দফায় ডাচদের কোচ হিসেবে কুমানের পথচলার শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। ম্যাচ শেষে এনওএস স্পোর্টকে তিনি বলেন, দলের কাছে তার প্রত্যাশা ছিল এর চেয়ে অনেক ভালো খেলা।

“আমি ভাবিনি ব্যবধান এতো বড় হবে। সবার কাছ থেকে আরও প্রত্যাশা করেছিলাম। দলের পারফরম্যান্স গড়পড়তারও নিচে ছিল।” 

“আমরা নিজেদের গোল পোস্টের ২০ মিটার দূরে বল হারিয়েছি। এটা এমন একটি জায়গায়, যেখানে কখনোই বল হারানো উচিত নয়। আর ফ্রান্স, তার অবশ্যই খুবই ভালো দল, যারা তাৎক্ষণিকভাবে এই সুযোগ কাজে লাগাবে।”

অঁতোয়ান গ্রিজমান ফ্রান্সকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দায়দ উপেমেকানো। খানিক পর ব্যবধান বাড়ানো কিলিয়ান এমবাপে শেষ দিকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। 

যোগ করা সময়ের শেষ দিকে ব্যবধান কমানোর সুযোগ পায় ডাচরা। কিন্তু মেমফিস ডিপাইয়ের স্পট কিক মাইক মিয়াঁ ঠেকিয়ে দিলে সেই আশাও শেষ হয়ে যায়।

“মেমফিস বল হারিয়েছিল, কিন্তু এমবাপে দারুণভাবে কাজ শেষ করেছে। তাই এটা কেবল আমরাই খারাপ খেলেনি, ফ্রান্সও নিজেদের মান দেখিয়েছে।” 

ভাইরাল সংক্রমণে এই ম্যাচে মাটাইস ডি লিখট, কোডি হাকপো, স্ফেন বটমানের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পায়নি নেদারল্যান্ডস। তবে এটাকে অজুহাত হিসেবে দেখতে নারাজ কুমান। 

“অবশ্যই আমাদের প্রস্তুতি আদর্শ ছিল না। যা ফুটে উঠেছে। তবে আজ অনেক মুহূর্ত ছিল যেখানে আমরা ব্যর্থ হয়েছি। এখন জানি, আমাদের অবস্থান কোথায় এবং এর থেকে শিক্ষা নেব। তাই এটা ইতিবাচকও হতে পারে।” 

আগামী সোমবার জিব্রাল্টের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।