বিস্ময়ের সীমা ছাড়ানো এক জয়ের গল্প
শক্তিশালী কুয়েত, লেবানন এবং সাফের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে সেরা চারে জায়গা করে নেওয়া বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি।
প্রথমার্ধ শেষেই ম্যাচ রিপোর্ট লেখা শেষ বাংলাদেশের অনেক গণমাধ্যমকর্মীর! অবিশ্বাস্য বটে, তবে খুবই সত্যি। বাংলাদেশের পারফরম্যান্সই যে এমন দাপুটে! এটি একটি নমুনা মাত্র। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অভাবনীয় এমন ঘটনার জন্ম দিয়েই বাংলাদেশ এগিয়ে চলেছে দৃপ্ত পদক্ষেপে। টুর্নামেন্ট শুরুর আগে কজন ভাবতে পেরেছিলেন!
প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হারলেও পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জিতে সাফে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। ওই ম্যাচে পিছিয়ে পড়ার পরও দল প্রথমার্ধ শেষ করেছিল সমতার স্বস্তি নিয়ে। পরে দ্বিতীয়ার্ধে গোল করছিলেন কাজী তারিক রায়হান এবং শেখ মোরসালিন করেছিলেন। কিন্তু ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের গল্প লেখা একরকম শেষ প্রথমার্ধেই। আরেকটু বাড়িয়ে বললে ৩৬ মিনিটেই।
যদিও শুরুটা হয়েছিল শঙ্কার চোখ রাঙানি দিয়ে। দ্বাদশ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ক্রসবারে বল লাগলে নষ্ট হয় ভুটানের ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ। হঠাৎ ধাক্কায় টালমাটাল বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর অধ্যায় শুরু এরপর থেকে।
২১তম মিনিটে সমতা ফেরানো গোলের উচ্ছ্বাস এনে দিলেন শেখ মোরসালিন, শুরুতে যার আত্মবিশ্বাস মনে হচ্ছিল খানিকটা নড়বড়ে। অসাধালন ওই গোলের পর বাংলাদেশের চাপে নাজেহাল ভুটান হয়ে উঠল আত্মঘাতী। তাতে এগিয়ে যাওয়ার আনন্দ সঙ্গী হলো দলের।
এরপর ৩৬তম মিনিটে ভুটানের কফিনে একরকম আরেকটি পেরেক ঠুকে দিলেন রাকিব। বাইলাইনের ঠিক উপর থেকে দুরূহ কোণ থেকে শট নিলেন এই ফরোয়ার্ড। বল দূরের পোস্টের ভেতরের কোনায় লেগে লুটোপুটি খেল জালে।
রাকিবের গোলটিকে ভুটান কোচ পেমা দর্জি শুরুতে বললেন ‘দারুণ’, পরে যোগ করলেন সৌভাগ্যের ছোঁয়া থাকার কথাও।
“প্রথম গোলটা (মোরসালিনের) আমাদের গোলরক্ষক মুঠোয় নিতে চেয়েছিল। সে চাইলে কিন্তু বলটা যে পাঞ্চ করতে পারত। তাহলে প্রথম গোলটা হতো না। তৃতীয় গোলটা (রাকিবের) ছিল দারুণ। এটা জিরো অ্যাঙ্গেল থেকে গোল হয়েছে। সৌভাগ্যবশত বলটা পোস্টে লেগে ঢুকে গেছে।”
“২০ মিনিট খুবই ভালো ছিল আমাদের খেলা। ছেলেরা ছন্দে ছিল। পরিকল্পনা ধরেই ছেলেরা খেলছিল। কিন্তু এরপরই ফুটবলাররা মনোযোগ হারিয়ে ফেলল, গোল হজম করল। ২০ মিনিটের পর ম্যাচের বাকি সময়টা বাংলাদেশ দাপট দেখিয়ে খেলেছে। মাঠে তাদের বিচরণ, পাস সবই ছিল নিখুঁত। ম্যাচে তারা খুবই ভালো খেলেছে।”
প্রতিপক্ষ কোচের কাছ থেকে এমন আকুণ্ঠ প্রশংসা সবশেষ কবে পেয়েছে বাংলাদেশ!
২০১৯ সালে সবশেষ টানা দুই ম্যাচ জিতেছিল দল, সেবার এই স্বাদ জামাল-জিকোরা পেয়েছিলেন ভুটানের বিপক্ষেই। এবার সেই অভিজ্ঞতা হলো তাদের মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়ার পর ভুটানকে একই ব্যবধানে গুঁড়িয়ে।
দক্ষিণ এশিয়ার ফুটবলে টানা পাঁচ আসরে গ্রুপ পর্ব কিংবা প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার বিষাদ যাদের সঙ্গী, তাদের তিন বা তার বেশি গোল দিয়ে জয়ের অভিজ্ঞতাও হয় না সচারচর। সবশেষ এমন অভিজ্ঞতা দলের হয়েছিল ২০১৫ ও ২০১৬ সালে।
২০১৫ সালে ২৮ ডিসেম্বরে সাফে চ্যাম্পিয়নশিপেই কেরালার আসরে সব স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার পর ৩-০ গোলে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতেছিল দল।
কিন্তু এবার বেঙ্গালুরুতে নোঙর ফেলা জামাল-জিকোদের পক্ষে বাজি ধরার লোক ছিল না খুব একটা। সেটা সাফের সবশেষ পাঁচ আসরের তিক্ত অভিজ্ঞতার কারণে।
দলের সামর্থ্য নিয়েও উঠেছিল প্রশ্ন। আক্রমণভাগে সুমন রেজার উপস্থিতি, নাইজেরিয়ান থেকে বাংলাদেশী হয়ে যাওয়া এলিটা কিংসলের না থাকা নিয়েও কোচ কাবরেরা সংবাদ সম্মেলনে জর্জরিত হয়েছিলেন প্রশ্নবানে।
লাল-সবুজের জার্সিতে ফরোয়ার্ড হিসেবে সবশেষ গোলের দেখা সাজ্জাদ হোসেন পেয়েছিলেন ২০২২ সালের সেপ্টেম্বরে নেপালের কাছে ৩-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে। সাফের বাংলাদেশ দলে তার অনুপস্থিতি নিয়েও তীর্যক প্রশ্ন শুনতে হয়েছিল কাবরেরাকে। কিন্তু বর্তমান দলটিকে সমালোচনার তির থেকে আগলে রেখেছিলেন এই স্প্যানিশ কোচ।
সাফে এসে তার সুফলও পেলেন কাবরেরা। বর্তমান দল নিয়ে বরাবর তিনি বলেছেন, তার কৌশলের সঙ্গে মানানসই যারা, তাদেরই তিনি বেছে নিয়েছেন। যদিও লেবাননের বিপক্ষে ২-০ গোলের হার দলের সামর্থ্য নিয়ে প্রশ্নগুলোকে উচ্চকিত করেছিল আবার। কিন্তু কাবরেরা ছিলেন শান্ত ও স্থির, আস্থার হাত রেখেছিলেন তিনি শিষ্যদের কাঁধে।
সাফে টিকে থাকার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ৩-১ গোলের জয়ে কোচের আস্থার প্রতিদান দেন রাকিব-তারিক-মোরসালিনরা। সেমি-ফাইনালে ওঠার স্বপ্ন পূরণে ভুটানের বিপক্ষে আবারও আলো ছড়ান রাকিব, মোরসালিন; আবারও পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর আখ্যান রচনা করে জিতে যায় বাংলাদেশ।
ম্যাচ শেষের আগে-পরের অনেক ঘটনা তাই ঘোরলাগা নিয়ে উপস্থিত হয় সবার সামনে। টানা দুই ম্যাচ জালের দেখা পাওয়া রাকিব চোটের কারণে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠ ছাড়েন ভুটানের বিপক্ষে। ডাগআউটে মন বসছিল না বলে তিনি আসেন গ্যালারিতে, সেখানে তার সাক্ষাৎকার নিতে হুমড়ি খেয়ে পড়েন ভারতের সাংবাদিকরা।
ম্যাচ শেষের বাঁশি বাজতেই সোহেল রানা নেমে পড়েন ক্যামেরাম্যানের ভূমিকায়। পুরো দল ১৪ বছরের হতাশার বৃত্ত ভেঙে বেরিয়ে আসার উচ্ছ্বাস নিয়ে পোজ দেয় নানা ভঙ্গিতে।
ম্যাচ শুরুর আগে মাঠে প্রবেশের সময় দলছুট হয়ে যান বিশ্বনাথ ঘোষ। দুই তালু এক করে প্রার্থনা ভঙ্গিতে লাইনে হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। প্রার্থনা শেষ করে একটু দেরিতে যোগ দেন সতীর্থদের সঙ্গে। বিশ্বনাথের ওই হাঁটু গেড়ে বসাই যেন বাংলাদেশের শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর বার্তা হয়ে ওঠে। আর ম্যাচ শেষের বাঁশিতে সে বার্তা পায় পূর্ণতা; বেজে ওঠে বাংলাদেশের বিজয়ের গান।
এশিয়ার দুই শক্তিশালী দল কুয়েত ও লেবানন, সাফের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে সাফের সেরা চারের মঞ্চে বাংলাদেশ! নিকট অতীতে দলের অপ্রাপ্তির মিছিলে এবারের এই অর্জন বিস্ময়েরই বটে।
