ফ্রান্স ফুটবল প্রধানের পদ থেকে সরেই গেলেন লু গ্রেত
২০২৩ সালের ১০ জুন পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন ফিলিপ্পা দিয়ালো।
ফরাসি ফুটবলের সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্ক ছিন্ন হল নোয়েল লু গ্রেতের। জিনেদিন জিদানকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও এক নারী ফুটবল এজেন্টকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে তুমুল সমালোচনার মধ্যে ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
এফএফএফ এক বিবৃতিতে মঙ্গলবার খবরটি জানিয়েছে।
গত জানুয়ারিতে ফ্রান্স কিংবদন্তি জিদানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন লু গ্রেত। স্বদেশের কোচ হওয়া নিয়ে সাবেক এই মিডফিল্ডারের নাম খবরে আসছিল অনেকটা সময় ধরেই। তবে কাতার বিশ্বকাপের পর দিদিয়ে দেশমের সঙ্গে ২০২৬ পর্যন্ত মেয়াদ বাড়ায় ফ্রান্স।
ফ্রান্সের কোচ হওয়ার ব্যাপারে জিদানের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কি-না, এক সাক্ষাৎকারে এমন প্রশ্নে লু গ্রেত বলেছিলেন, জিদান চেষ্টা করলেও তার ফোন ধরতেন না তিনি। এগুলোসহ আরও কিছু বিরূপ মন্তব্যের জন্য পড়েন তীব্র সমালোচনার মুখে।
এর মধ্যেই ফ্রান্সের আরএমসি রেডিওতে সাক্ষাৎকারে লু গ্রেতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ফুটবল এজেন্ট সোনিয়া সোইদ । ৮১ বছর বয়সী ফরাসি ফুটবল প্রধানের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল ২০১৩ থেকে ২০১৭ সালের সময়কার।
এসবের প্রেক্ষিতে এফএফএফ গত ১১ জানুয়ারি জানায় যে, ফেডারেশনের কার্যকারিতা নিয়ে ফ্রান্সের ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালিত নিরীক্ষা রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে লু গ্রেতকে। ভারপ্রাপ্ত প্রধান করা হয় সহ-সভাপতি ফিলিপ্পা দিয়ালোকে।
চলতি মাসের শুরুতে নিরীক্ষা রিপোর্টে বলা হয় যে, লু গ্রেতের ফ্রান্স ফুটবলকে পরিচালনা ও প্রতিনিধিত্ব করার জন্য ‘প্রয়োজনীয় ন্যায্যতা’ নেই। রিপোর্টে ‘নারীদের প্রতি লু গ্রেতের অনুপযুক্ত আচরণকে বিশেষভাবে উল্লেখ করা হয়।’
লু গ্রেত মঙ্গলবার যে কোনো অন্যায়ের কথা অস্বীকার করেন। ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন দিয়ালো।
