এমআরআই স্ক্যান করানো হবে রিশার্লিসনের
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কবে মাঠে ফিরতে পারেন, নিশ্চিত নন তার ক্লাব কোচ আন্তোনিও কন্তে।
কাতার বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রিশার্লিসন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড কবে নাগাদ মাঠে নামতে পারেন তা এখনও নিশ্চিত নয়। তার চোটের অবস্থা ভালোভাবে জানতে এমআরআই স্ক্যান করানো হবে বলে জানিয়েছে টটেনহ্যাম হটস্পার।
কোয়ার্টার-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে ছিলেন রিশার্লিসন। ম্যাচের ৮৪তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই ফুটবলার। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে তার দল হেরে যায় ৪-২ গোলে।
নিজের অভিষেক বিশ্বকাপে তিন গোল করেন রিশার্লিসন। এর দুটি গ্রুপে পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে।
প্রীতি ম্যাচে বুধবার ফরাসি ক্লাব নিসের বিপক্ষে খেলবে টটেনহ্যাম। এই ম্যাচের আগে মঙ্গলবার ইংলিশ ক্লাবটির কোচ আন্তোনিও কন্তে স্পারসপ্লেকে বলেন, এই ফুটবলার কবে ফিরতে পারেন, সেই ব্যাপারে তারা নিশ্চিত নন।
“রিচির (রিশার্লিসন) আগামীকাল একটি এমআরআই (স্ক্যান) করা হবে, যাতে চোটের অবস্থা সম্পর্কে ভালোভাবে জানা যায়। আগামীকালের পর আমরা বুঝতে পারব তার সেরে উঠতে কতটা সময় দরকার।”
প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। বিশ্বকাপ বিরতির পর প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচে আগামী ২৬ ডিসেম্বর তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড।
