২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নকে জিতিয়ে কেইন বললেন, 'আরও উন্নতি চাই'  

জোড়া গোলে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি ইংলিশ ফরোয়ার্ড।

বায়ার্নকে জিতিয়ে কেইন বললেন, 'আরও উন্নতি চাই'  

বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড হ্যারি কেইন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 04:18 PM

Updated : 28 Aug 2023, 07:47 PM

আলিয়াঞ্জ অ্যারেনায় মৌসুমের প্রথম লিগ ম্যাচ। হ্যারি কেইন আলো ছড়ালেন জোড়া গোল করে। দারুণ জয় পেল বায়ার্ন মিউনিখও। কিন্তু কেইন তৃপ্ত নন মোটেই। আউক্সবুর্কের বিপক্ষে ম্যাচে নষ্ট হওয়া সুযোগগুলোর দিকে পিছু ফিরে তাকিয়ে বলেলেন, আক্রমণভাগে আরও ভালো করতে হবে তাদের।

বুন্ডেসলিগায় গত রোববারের ম্যাচে ৩-১ গোলে জয় পায় বায়ার্ন। লিগে টমাস টুখেলের দল জয়ের ধারায় থাকলেও ঘরের মাঠে কেইনের লিগ অভিষেক বলে প্রত্যাশাটা বেশিই ছিল। কিন্তু আউক্সবুর্কের বিপক্ষে নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি তাদের।

৩২তম মিনিটে আত্মঘাতী গোলে লিড নেওয়ার আগে সেভাবে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারছিল না বায়ার্ন। আট মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন এই গ্রীষ্মে দলটিতে যোগ দেওয়া কেইন। বিরতির পর ফের জালের দেখা পান তিনি। ক্লাবটির তৃতীয় খেলোয়াড় হিসেবে নিজের প্রথম দুই লিগ ম্যাচে তিন গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক। সবশেষ ১৯৯৩ সালে আদোলফো ভালেন্সিয়া এই কীর্তি গড়েছিলেন।

ম্যাচের শেষের দিকে একটি গোল হজম করলেও তা খুব বড় সমস্যা হয়নি বায়ার্নের জন্য। পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি কেইনও। কিন্তু আক্রমণভাগের ধারের কমতি চোখে পড়েছে ৩০ বছর বয়সী এই তারকার।

“নিজেদের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে ভালো একটা জয় ছিল। আমরা ভালো কিছু সুযোগ তৈরি করেছিলাম এবং আরও বেশি গোল করতে পারতাম। আমাদের আক্রমণে এখনও উন্নতির জায়গা আছে।”

“সব মিলিয়ে এটি আমাদের জন্য ভালো একটা পারফরম্যান্স ছিল। আমি এই দলের রসায়নটা পছন্দ করি, আমরা একসঙ্গে আরও বেশি বেশি উন্নতি করছি। গত কয়েকটি সপ্তাহ আমার জন্য রোমাঞ্চকর ও দুর্দান্ত। যার পুরোটাই ইতিবাচক।”

ফল নিয়ে খুশি হলেও উন্নতির জায়গা দেখছেন টুখেলও। তবে আপাতত কেবল ইতিবাচক দিকগুলোতেই মনোযোগ দিতে চান তিনি।

“অবশ্যই ফলাফল নিয়ে আমরা খুশি, খেলোয়াড়দের চোখেমুখেই আপনারা তা দেখতে পাচ্ছেন। খেলোয়াড়রা (জয়) উদযাপন করছে দেখে আমি খুশি। এখনও আমি উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। ম্যাচের শুরুতে আমরা যথেষ্ট স্বাধীনতা নিয়ে খেলতে পারিনি, তাই একটি আত্নঘাতী গোল ও পেনাল্টি কাজটা সহজ করে দিয়েছিল।”

“এরপর আমরা ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত দৃঢ়চিত্তে খেললাম এবং আত্মবিশ্বাসটা বাড়ল। শেষ পর্যন্ত জয়টা আমাদের প্রাপ্য ছিল; যদিও আমরা দুর্ভাগ্যবশত একটি গোল হজম করেছিলাম। তবে আমাদের শুধু ইতিবাচক বিষয়গুলো দেখতে হবে। এখানে জেতাই আসল ব্যাপার।”

২০২৩-২৪ মৌসুমে জার্মানির শীর্ষ লিগে দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে বায়ার্ন।