২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষের ২ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

দারুণ কয়েকটি সেভ করে জাল অক্ষত রাখেন দাভিদ দে হেয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 09:59 PM

Updated : 12 Feb 2023, 10:25 PM

আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো জমজমাট। একের পর এক সেভ করে লিডস ইউনাইটেডকে হতাশ করলেন দাভিদ দে হেয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে বাধ সাধল ক্রসবার। তবে শেষ দিকে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে দারুণ জয় তুলে নিল এরিক টেন হাগের দল।

প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাস র‍্যাশফোর্ড দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান আলেহান্দ্রো গারনাচো।

চার দিন আগে প্রথম দেখায় ওল্ড ট্র্যাফোর্ডে দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়েছিল।

চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় লিডস ইউনাইটেড। প্যাটট্রিক ব্যামফোর্ডের প্রচেষ্টা পা দিয়ে ফিরিয়ে জাল অক্ষত রাখেন দাভিদ দে হেয়া।

২০তম মিনিটে সুযোগ আসে সফরকারীদের সামনে। ব্রুনো ফের্নান্দেসের নিচু শট লক্ষ্যে থাকেনি। ৪৪তম মিনিটে আরেকটি দারুণ সেভ করেন দে হেয়া। সামারভিলের শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ওয়ান-অন-ওয়ানে ফের্নান্দেসের শট ফিরিয়ে দেন লিডস ইউনাইটেডের গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকবার সামারভিলকে গোলবঞ্চিত করেন দে হেয়া। ৬৩তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন দিয়োগো দালোত। সফরকারী ডিফেন্ডারের শট ক্রসবার কাঁপায়।

৭৮তম মিনিটে সামারভিলের আরেকটি প্রচেষ্টা ফিরিয়ে দেন ৪০০তম প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে নামা দে হেয়া।

৮০তম মিনিটে ডেডলক ভাঙেন র‍্যাশফোর্ড। লুক শর ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড।

চলতি লিগে ২৩ ম্যাচে তার গোল হলো ১২টি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ২১টি।

চার মিনিট পর দারুণ ফিনিশিংয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন গারনাচো। ভাউট বেহর্স্টের পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।

শেষ দিকে র‍্যাশফোর্ড আবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

এই জয়ে আপাতত লিগ টেবিলে দুই নম্বরে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে তাদের ৪৬ পয়েন্ট। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটি দিনের পরের ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে।

২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে লিডস ইউনাইটেড।