২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নকে ‘আপন ঘর’ মনে হচ্ছে কেইনের

নতুন ঠিকানায় রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ইংলিশ তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2023, 07:20 PM

Updated : 25 Nov 2023, 07:19 PM

দীর্ঘদিন এক ক্লাবে খেলার পর নতুন ঠিকানায়, অন্য দেশের লিগে মানিয়ে নেওয়া অনেক ফুটবলারের জন্যই কঠিন হয়ে পড়ে। তবে হ্যারি কেইনের ক্ষেত্রে ব্যাপারটি যেন পুরোপুরি ভিন্ন। বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে গোল এবং নতুন নতুন রেকর্ড গড়াকে যেন অভ্যাসে পরিণত করেছেন ইংলিশ তারকা। কোলনের বিপক্ষে দলকে জেতানোর পর এই স্ট্রাইকার বলেছেন, সবকিছু মিলিয়ে ক্লাবটিকে তার ভীষণ আপন মনে হচ্ছে।

গত গ্রীষ্মের দলবদলে বায়ার্নে যোগ দেওয়ার আগে ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটাই টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলেছেন কেইন। ৪৩০ ম্যাচে ২৮০ গোল করে ইংলিশ ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি।

ঠিকানা বদলেও খুব দ্রুতই বায়ার্নের আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছেন কেইন। সবশেষ বুন্ডেসলিগায় শুক্রবার তার একমাত্র গোলেই কোলনকে হারায় টমাস টুখেলের দল।

জার্মানির শীর্ষ লিগে মাত্র ১২ ম্যাচে ১৮ গোল করে ফেলেছেন কেইন, লিগের এই পর্যায়ে যা সর্বোচ্চ গোলের রেকর্ড। প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে বুন্ডেসলিগার এক আসরে ১৮ গোলের রেকর্ডও গড়েছেন ৩০ বছর বয়সী ফুটবলার।

২০১৯-২০ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে জেডন স্যানচো ও ১৯৭৮-৭৯ আসরে হামবুর্গের হয়ে কেভিন কিগান করেছিলেন ১৭টি করে গোল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে ২২ বার জালের দেখা পেয়েছেন কেইন। কোলন ম্যাচের পর ইংল্যান্ডের সর্বোচ্চ গোলস্কোরার বলেছেন, তিনি শুধু ক্লাবের সমর্থনের প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন।

“আমার ভালো লাগছে। এখানে বাড়িতে থাকার মতো অনুভব করছি। খেলোয়াড়, স্টাফ, ক্লাব, সমর্থকদের সবাই আমাকে খুব ভালোভাবে স্বাগত জানিয়েছে এবং যখনই মাঠে নামব, তখনই আমি সেটার প্রতিদান দিতে চাই।”

“আমাদের দলে সব পজিশনে দুর্দান্ত খেলোয়াড় আছে, যারা আমার জন্য সুযোগ তৈরি করছে। তাই আমাকে শুধু নিশ্চিত করতে হবে যে, সঠিক সময়ে যেন সঠিক জায়গায় থাকি।”

লিগে ১২ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী বায়ার্ন।