২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল জার্মানি

বয়সভিত্তিক ফুটবলের এই পর্যায়ে এবারই প্রথম বিশ্ব সেরার মুকুট মাথায় তুলল জার্মানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2023, 09:35 PM

Updated : 02 Dec 2023, 10:07 PM

আন্তর্জাতিক ফুটবলে জার্মানি জাতীয় দলের সময়টা মোটেও ভালো কাটছে না। তবে তাদের বয়সভিত্তিক দল দীর্ঘদিন ধরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছে। সেই যাত্রায় এবার তারা ফ্রান্সকে হারিয়ে জিতে নিয়েছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ।

ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে শনিবারের ফাইনালে নির্ধারিত সময় ২-২ সমতায় শেষের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরে জার্মানি।

বয়সভিত্তিক ফুটবলের এই পর্যায়ে এবারই প্রথম বিশ্ব সেরার মুকুট মাথায় তুলল জার্মানি।

প্রথমার্ধের ২৯তম মিনিটে পারিস ব্রুনেরের সফল স্পট কিকে এগিয়ে যায় জার্মানি। ওই গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে তারা ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে; দ্বিতীয় গোলটি করেন নোয়া ডার্ভিচ।

এরপরই ঘুরে দাঁড়ায় ফ্রান্স। দুই গোলে পিছিয়ে পড়ার দুই মিনিট পরই ব্যবধান কমান সিমোঁ বুয়াব্রা। আর ৮৫তম মিনিটে স্কোরলাইন ২-২ করে ম্যাচ টাইব্রেকারে নেন মেথিস আমুগু।

কিন্তু প্রবল স্নায়ুচাপের পেনাল্টি শুটআউটে আর পারেনি ফরাসি। ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার টাইব্রেকারে কপাল পুড়ল তাদের।

গত ২ জুন অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই জার্মান দলের বিপক্ষেই পেনাল্টি শুটআউটে হেরেছিল ফ্রান্স।

টাইব্রেকারে ফ্রান্সের সাম্প্রতিক হতাশা অবশ্য আরও আছে। গত ডিসেম্বরে জাতীয় দলের বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল তারা। সেখানে এমবাপেদের হারিয়ে শিরোপা উৎসব করে লিওনেল মেসির আর্জেন্টিনা।