আর্সেনাল-সিটির শিরোপা লড়াই, কার সম্ভাবনা কতটা
টানা তিন ম্যাচে আর্সেনাল পয়েন্ট হারানোয় ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন রোমাঞ্চকর মোড়ে।
এই তো মাসখানেক আগেও ম্যানচেস্টার সিটির চেয়ে পাঁচ পয়েন্টের পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল আর্সেনাল। প্রায় দুই দশক পর আবারও প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন বুনছিল তারা। এপ্রিলের প্রথম দিনে ওই ব্যবধান দাঁড়ায় আটে। আশার পালে লাগে আরও জোর হাওয়া। তখন কে জানত, সপ্তাহ তিন পরই চিত্র এতটা পাল্টে যাবে! কক্ষচ্যূত মিকেল আর্তেতার দলের টানা তিন ড্রয়ে লাগাম এখন ম্যানচেস্টার সিটির হাতে।
চলতি মৌসুমের শুরুতেও আর্সেনালের তারুণ্যনির্ভর দলটিকে নিয়ে বাজি ধরার লোক খুব বেশি ছিল না। খোদ আর্সেনাল সমর্থকরাই হয়তো এতটা আশা করেননি। তবে সবাইকে ভুল প্রমাণ করে, দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় শুরুতেই লিগ টেবিলের চূড়ায় উঠে বসে তারা।
প্রথম ১৪ ম্যাচের মাত্র একটিতে হারে ‘গানার’ হিসেবে পরিচিত দলটি। সঙ্গে একটি ড্রয়ে শীর্ষে থেকে কাতার বিশ্বকাপ বিরতিতে যায় তারা।
বিরতি শেষে ফিরে পারফরম্যান্সে কিছুটা ছন্দপতন হলেও লিগ টেবিলের শীর্ষস্থান ঠিকই ধরে রাখে দলটি। এরপর ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম দিন পর্যন্ত টানা ৯ ম্যাচের (আট জয় ও এক ড্র) অপরাজেয় যাত্রায় শীর্ষে জেঁকে বসে তারা।
ম্যানচেস্টার সিটির পথচলাটা বলা যায় ছিল আর্সেনালের উল্টো। প্রথম ২১ ম্যাচে মাত্র ১৪টি জিততে পারে পেপ গুয়ার্দিওলার দল। সেই তারাই পরের ৯ ম্যাচে জিতেছে আটটি, অন্যটি ড্র।
আর্সেনাল তাদের সবশেষ তিন ম্যাচের প্রতিটিতেই হোঁচট খেয়েছে, সম্ভাব্য ৯ পয়েন্টের মধ্যে পেয়েছে মাত্র ৩।
দুই দল এমন উল্টো রথে যাত্রা করাতেই পাল্টে গেছে শিরোপা লড়াইয়ের রূপ।
৩২ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে এখনও আর্সেনাল শীর্ষে আছে বটে, তবে সিটির সামনে এখন সুবর্ণ সুযোগ প্রতিদ্বন্দ্বীদের নামিয়ে চূড়ায় ওঠার। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
আর্সেনালের দুর্ভাবনার কারণ কেবল শেষ তিন ম্যাচে হোঁচট খাওয়াই নয়, প্রথম দুটিতে দলের খেই হারানোর ধরনও। লিভারপুল ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে দুই ম্যাচেই দুই গোলে এগিয়ে যাওয়ার পর ছন্দ হারিয়ে ২-২ ড্র করে তারা। অবশ্য সবশেষ গত শুক্রবার রাতে সাউথ্যাম্পটনের বিপক্ষে তাদের গল্পটা ভিন্ন। এবার ৮৭তম মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-৩ ড্র করে তারা। তবে শেষ পর্যন্ত প্রাপ্তি তো সেই স্রেফ এক পয়েন্টই।
সাউথ্যাম্পটনের বিপক্ষে শেষ পর্যন্ত দলের এই হাল না ছাড়া পারফরম্যান্সেই যেমন শিরোপা জয়ের প্রশ্নে নতুন আশার আলো দেখছেন আর্তেতা।
“এই তরুণ দলটি চাপের মধ্যে যেভাবে সাড়া দিয়েছে, তা অবিশ্বাস্য। সবকিছুই ছিল একদম বিপক্ষে, কিন্তু এর মধ্যেও তারা যেভাবে সুযোগ সৃষ্টি করেছে এবং যেভাবে উজ্জীবিত ফুটবল খেলেছে, তা ছিল আনন্দময়।”
তবে সিটি যে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে, আর্সেনাল ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস পেলেও তাদের জন্য কাজটা সহজ হবে না।
পয়েন্ট তালিকার লড়াই যেমন জমে উঠেছে, তাতে গতবারের মতো এবারও শিরোপা নির্ধারণ হতে পারে শেষ রাউন্ডে। আবার পয়েন্ট সমান হলে গোলের হিসাবও নির্ধারক হয়ে উঠতে পারে।
গোল ব্যবধানের হিসাবে আর্সেনালের (৪৩) চেয়ে অনেকটা ভালো অবস্থানে সিটি (৫০)। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১১ ম্যাচের ১০টিতে জিতেছে সিটি; এই ম্যাচগুলোয় তারা গোল করেছে ৩৮টি, হজম করেছে মাত্র পাঁচটি।
তবে সিটির জন্য দুর্ভাবনার জায়গা আছে একটি। এফএ কাপ ও ইউরোপা লিগ থেকে আগেই ছিটকে পড়া আর্সেনালের এখন একমাত্র ব্যস্ততা লিগ। সেখানে সিটি টিকে আছে তিনটি প্রতিযোগিতায়।
তাই মৌসুমের বাকি সময়ে আর্সেনালের খেলতে হবে মাত্র ৬টি ম্যাচ। সেখানে চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের সেমি-ফাইনালে ওঠা সিটিকে লড়তে হতে পারে সর্বোচ্চ ১৩ ম্যাচে। এমন ঠাসা সূচিতে এতগুলো ম্যাচ, খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা হতে পারে চ্যালেঞ্জিং। ক্লান্তি ও শ্রান্তির প্রভাব কাটানোর চ্যালেঞ্জ তো থাকবেই।
কদিন আগে অবশ্য গুয়ার্দিওলা বলেছিলেন, তার দল যেভাবে ছন্দময় ফুটবল খেলে চলেছে, তাতে ঠাসা সূচি কোনো সমস্যা নয়। বরং প্রতি তিন-চার দিনে একটি ম্যাচ থাকায় ভালোই হতে পারে দলের জন্য।
সবশেষ ম্যাচে আর্সেনালের ঘুরে দাঁড়ানো এবং তারপরও জিততে না পারা, সিটির অদম্য হয়ে ওঠা- এসব কিছু মিলিয়ে শিরোপার লড়াইয়ে সিটির জোর সম্ভাবনা দেখছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ডেটা কোম্পানি নিলসন গ্রেসনোট-এর স্পোর্টস অ্যানালাইসিস বিভাগের প্রধান সিমোন গ্লিভ।
“সাউথ্যাম্পটনের বিপক্ষে আর্সেনালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন এবং শেষ পর্যন্ত তাদের জিততে না পারা, যা তাদের শিরোপা জয়ের সম্ভাবনা জোরাল রাখতে প্রয়োজন ছিল।”
“(সাউথ্যাম্পটনের বিপক্ষে) ৩-৩ ড্রয়ের পর আর্সেনালের এই মৌসুমের লিগ শিরোপা জয়ের সম্ভাবনা ইউরো ক্লাব ইনডেক্সে ৩২ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে গেছে। আর্সেনাল টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট হারানোয় ম্যানচেস্টার সিটির তৃতীয় শিরোপা জয়ের সম্ভাবনা বেড়ে হয়েছে ৭৯ শতাংশ।”
শিরোপার একরকম ফয়সালা হয়ে যেতে পারে আগামী বুধবার, সেদিন সিটির মাঠে নামবে আর্সেনাল।
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সের চিত্র, সিটির বিপক্ষে আর্সেনালের গত কয়েক বছরের ব্যর্থতা- সব মিলিয়ে আসছে এই লড়াইয়েই আর্তেতার দলের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে বলে ধারণা অনেকের।
সেই ২০১৫ সাল থেকে সিটির বিপক্ষে জয়ের স্বাদ পায়নি আর্সেনাল। চলতি মৌসুমে দুইবার দেখা তাদের। দুটিই জিতেছে সিটি; গত জানুয়ারিতে এফএ কাপে ১-০ এবং ফেব্রুয়ারিতে লিগে ৩-১ গোলে।
অবশ্য আর্সেনালের জন্য প্রেরণা হতে পারে ইতিহাস। পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য মতে, ইংল্যান্ডের শীর্ষ লিগে (প্রতি জয়ের জন্য ৩ পয়েন্ট নিয়ম হওয়ার পর থেকে) এ পর্যন্ত ১৩টি দল ৩০ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট পেয়েছে, তার মধ্যে কেবল দুটি দল শিরোপা জিততে ব্যর্থ হয়েছে; ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ও ২০১৮-১৯ মৌসুমে লিভারপুল।
ওই দুই মৌসুমেই শেষ পর্যন্ত বাজিমাত করেছিল ম্যানচেস্টার সিটি।
বলা যায়, মৌসুমের এই নির্ধারণী সময়টুকুতে বিশেষজ্ঞ হয়ে উঠেছে তারা। গত ছয় মৌসুমে শেষ ১০টি ম্যাচ হিসেবে নিলে এই সময়ে ১৪৫ পয়েন্ট নিয়েছে সিটি, অন্য যেকোনো দলের চেয়ে বেশি।
তাই, এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে বলা যায়, ২০০৪ সালের পর আবারও আর্সেনালের শিরোপা জিততে হলে কেবল তাদের জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে গুয়ার্দিওলা দলের পথ হারানোর।
