২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে শেষ ম্যাচে মেসি-নেইমার-এমবাপের গোল

শতভাগ সাফল্যে জাপান সফর শেষ করল পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2022, 11:03 PM

Updated : 25 Jul 2022, 11:03 PM

একসঙ্গে জ্বলে উঠলেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে। জালের দেখা পেলেন তিন জনই। জাপান সফরে নিজেদের শেষ ম্যাচে গোল উৎসব করল পিএসজি।

প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে প্রীতি ম্যাচে সোমবার গাম্বা ওসাকাকে ৬-২ গোলে হারিয়েছে পিএসজি। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। মেসি ও এমবাপে করেছেন একটি করে গোল। বাকি দুই গোলদাতা পাবলো সারাবিয়া ও নুনো মেন্দেস।

পিএসজির দাপুটে পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি জাপানের দলটি। প্রথমার্ধেই চার গোল করে প্যারিসের ক্লাবটি।

২৭তম মিনিটে মেসির শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে বল জালে জড়ান সারাবিয়া। একটু পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন নেইমার।

দুই গোলে পিছিয়ে পড়ার এক মিনিট পরই ব্যবধান কমায় গাম্বা ওসাকা। তবে ৩৭তম মিনিটে মেন্দেস স্কোরলাইন ৩-১ করার পর বিরতির আগেই নেইমারের অ্যাসিস্ট থেকে ব্যবধান আরও বাড়ান মেসি।

দ্বিতীয়ার্ধে নেইমার তার দ্বিতীয় গোল করার পর ওসাকা স্কোরলাইন করে ৫-২। ৮৬তম মিনিটে পিএসজির শেষ গোলটি করেন এমবাপে।

শতভাগ জয়ে জাপান সফর শেষ করল পিএসজি। আগের দুই ম্যাচে কাওয়াসাকি ফ্রন্তালের বিপক্ষে ২-১ ও উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারিয়েছিল ক্রিস্তফ গালতিয়ের দল।

প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে পিএসজি এবার ইসরায়েল সফরে যাবে।