০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

নতুন চুক্তির ১ মাস পরেই ‘চাকরি হারালেন’ ঘানার কোচ

আট ম্যাচে দলটির ডাগআউটে দাঁড়ানোর স্মৃতি তেমন সুখকর হলো না এই পর্তুগিজের।

নতুন চুক্তির ১ মাস পরেই ‘চাকরি হারালেন’ ঘানার কোচ

কার্লোস কেইরস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 08:07 PM

Updated : 01 Oct 2026, 08:07 PM

আফ্রিকান নেশন্স কাপের বাছাইয়ে টানা দুই ম্যাচে হারের পর ঘানার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কার্লোস কেইরস।

উত্তর আমেরিকা বিশ্বকাপ সামনে রেখে গত এপ্রিলে কেইরসকে নিয়োগ দেয় ঘানার ফুটবল ফেডারেশন। তার কোচিংয়ে জুন-জুলাইয়ের ওই বৈশ্বিক মঞ্চে দেশটির পারফরম্যান্স খারাপ ছিল না। পানামার বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর পর, কিছুটা ভাগ্যের সহায়তা পেয়ে গ্রুপের তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে গ্রুপ পর্বের বাধাও কাটায় তারা। শেষ বত্রিশে হেরে যায় কলম্বিয়ার বিপক্ষে।

বিশ্বকাপ শেষে সরে দাঁড়ান কেইরস; কিন্তু তার সঙ্গে নতুন চুক্তি করে ঘানা, যদিও সেটা দীর্ঘস্থায়ী হলো না।

বাছাইয়ে আইভরি কোস্টের মাঠে ২-০ গোলে হারের পর, গাম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রথমে দুই গোলে এগিয়ে যায় ঘানা। এরপর পথ হারিয়ে চার গোল হজম করে তারা হেরে বসে ৪-২ ব্যবধানে।

এভাবে হারের পরই মুলত সিদ্ধান্ত নিয়ে ফেলে ঘানার ফুটবল কর্তারা। বৃহস্পতিবার তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক সমঝোতায় সরে দাঁড়িয়েছেন কেইরস।

৭৩ বছর বয়সী এই পর্তুগিজের কোচিংয়ে আট ম্যাচ খেলে কেবল একটি জিততে পেরেছে ঘানা; হেরেছে চারটিতে (টানা)। এই সময়ে পাঁচটি গোল করেছে ঘানা, বিপরীতে হজম করেছে ১০টি।