দুই ম্যাচে ছয় গোল হজম করে বিশ্বাস করতে পারছেন না আনচেলত্তি
আলমেরিয়ার বিপক্ষে জিতলেও পুরো সন্তুষ্ট নন রিয়াল মাদ্রিদ কোচ, জেগে উঠতে বললেন তিনি দলের রক্ষণভাগকে।
গোল হজম করে ম্যাচের মাঝ-বিরতিতে ড্রেসিং রুমে বেশ এক চোট নিয়েছিলেন কার্লো আনচেলত্তি। লাভ তাতে কিছু হয়নি। দ্বিতীয়ার্ধে জালে বল ঢুকেছে আরও একবার। ম্যাচ অবশ্য হারেনি রিয়াল মাদ্রিদ। গোল করেছে তারা চারটি। তবে ওই দুই গোল হজম করাই কাঁটা হয়ে বিঁধছে আনচেলত্তির মনে। এই নিয়ে সবশেষ দুই ম্যাচে ছয় গোল হজম করল রিয়াল মাদ্রিদ। কোচ তা মানতেই পারছেন না।
লা লিগার ম্যাচে শনিবার আলমেরিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা প্রথমার্ধেই হ্যাটট্রিক করে অনেকটাই গড়ে দেন ম্যাচের ভাগ্য। প্রথমার্ধের শেষ দিকে একটি গোল শোধ করে আলমেরিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিগো গোল করে আবার তিন গোলের ব্যবধান গড়েন। কিন্তু আলমেরিয়া পরে গোল করে আরেকটি।
নিজেদের গোল করার চেয়ে এভাবে গোল হজম করাটাই এখনও বেশি চোখে লাগছে আনচেলত্তির। আগের ম্যাচে জিরোনার কাছে তারা হারে ৪-২ গোলে। সামনে কোপা দেল রের ফাইনাল এবং ম্যানচেস্টার সিটির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল। রক্ষণভাগ এমন নড়বড়ে থাকলে তো বিশেষ করে সিটির সঙ্গে ভুগতে হতে পারে প্রবলভাবে।
আনচেলত্তিও তা উপলব্ধি করতে পারছেন। এজন্যই আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ শেষ রিয়াল মাদ্রিদ কোচ বললেন, এভাবে চলতে দেওয়া যাবে না।
“আমি চিন্তিত নই (রক্ষণ নিয়ে)। কারণ জানি যে আমরা কতটা ভালো খেলতে পারি। তবে সত্যি বলতে, এটাও বিশ্বাস করতে পারছি না যে, সবশেষ দুই ম্যাচে ছয় গোল হজম করেছি। আমরা অনেক বেশিই আলগা হয়ে যাচ্ছি।”
“আজকে আমরা চেষ্টা করেছি রক্ষণে বেশি মনোযোগ দিতে এবং বল হারানোর পর চাপ তৈরির ক্ষেত্রে ভালোই করেছি। তবে আরও ভালো করতে হবে। বিরতির ঠিক আগে গোল খাওয়ার পর বিরতিতে ড্রেসিং রুমে বেশ ক্ষুব্ধ ছিলাম আমি। পরে দ্বিতীয় গোলটি হজম করে আরও বিরক্ত হয়েছি। এটাকে জেগে ওঠার ডাক হিসেবে নিতে হবে। আমার মনে হয় না সামনের ম্যাচগুলোয় আমরা এত গোল হজম করব।”
রক্ষণভাগ নিয়ে অতৃপ্তি থাকলেও আনচেলত্তি সন্তুষ্ট আক্রমণভাগ নিয়ে। করিম বেনজেমা এই মাসেই হ্যাটট্রিক করে ফেললেন তিনটি। রদ্রিগো পারফর্ম করে চলেছেন দারুণ ধারাবাহিকতায়। ভিনিসিউস জুনিয়র তো প্রতিপক্ষের রক্ষণে হুমকি হয়ে উঠছেন ম্যাচের পর ম্যাচে। বিখ্যাত সেই ‘বিবিসি’ ত্রয়ীর (বেনজেমা-বেল-ক্রিস্তিয়ানো রোনালদো) সঙ্গে এই ত্রয়ীর তুলনা করতে শুরু করেছেন অনেকে। সেই তুলনা নিয়ে কথা বললেন আনচেলত্তিও।
“তারা ভিন্ন ঘরানার ত্রয়ী। তবে দুটি ত্রয়ীই দারুণ। ২০১৪ সালের ওই ত্রয়ী ছিল ভীষণ বিপজ্জনক, এই ত্রয়ীও। এই ত্রয়ী খুব ভালো ড্রিবলও করতে পারে, এখনকার ফুটবলে যা খুব একটা দেখা যায় না।”
এই ম্যাচ জিতলেও লিগ শিরোপা ধরে রাখার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও জিতেছে এ দিনই। স্রেফ ৬ ম্যাচ বাকি থাকতে দুই দলের ব্যবধান ১১ পয়েন্টের। তবে আনচেলত্তি লড়ে যেতে চান শেষ পর্যন্ত।
“ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। আমাদের মনোযোগ দিতে হবে নিজেদের পারফরম্যান্সে। লিগে ৬ ম্যাচ বাকি আছে এখনও এবং সবকটি জিততে হবে আমাদের।”
