বাফুফেকে ফিফার জরিমানা
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গ্যালারিতে সমর্থকদের স্মোক ফ্লেয়ার পোড়ানো, নিরাপত্তা বেষ্টনি টপকানোর কারণে জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ হলে গ্যালারিতে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা যায়। শ্লোগানে, কলরবে গ্যালারি মাতিয়ে রাখেন তারা। কিন্তু সমর্থকদেরই কিছু নেতিবাচক কর্মকাণ্ডে এবার জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।
২০২৬ বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে গত বছর কিংস অ্যারেনায় দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে, ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে। মালদ্বীপের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ, লেবানন ম্যাচ ড্র করেছিল ১-১ গোলে।
ওই দুই ম্যাচে দর্শকরা গ্যালারিতে আতশবাজি, স্মোক ফ্লেয়ার পুড়িয়েছিলেন; শৃঙ্খলা ভেঙে নিরাপত্তা বেষ্টনি টপকে খেলোয়াড়দের সাথে করমর্দনও করেছিলেন, যা ফিফার নিয়মবহির্ভুত।
এ কারণেই বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা দুই ম্যাচের জন্য যথাক্রমে ১৪ হাজার ও ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে বাফুফেকে।
এছাড়া বাছাইয়ের প্রথম ধাপে মালদ্বীপের মাঠে প্রথম লেগের ম্যাচে ছয় হলুদ কার্ড দেখার কারণে বাংলাদেশকে আরও ৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। সব মিলিয়ে জরিমানার অঙ্ক বাংলাদেশি মুদ্রায় ৩৯ লাখ টাকার মতো।
সমর্থকদের কারণে জরিমানা গুনতে হলেও বাফুফে শুক্রবার দেওয়া বিবৃতিতে ফুটবলের প্রতি সমর্থকদের ‘অকৃত্রিম ভালোবাসা’ উপলব্ধি করার কথা জানিয়েছে। আগামীতে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধও বিবৃতিতে জানিয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
আগামীতে গ্যালারিতে স্মোক ফ্লেয়ারের ব্যবহার এবং নিরাপত্তা বেষ্টনি টপকে মাঠের ভেতরে দর্শকদের প্রবেশ আটকাতে নিরাপত্তা ব্যবস্থা ‘জোরদার’ করাসহ সচেতনামূলক প্রচারণার পদক্ষেপ নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে বাফুফে।
