ফ্র্যাঞ্চাইজি হকির ফাইনালে চট্টগ্রাম
চতুর্থ ও শেষ কোয়ার্টারে জ্বলে উঠে জিতল একমি চট্টগ্রাম।
দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে গেল রূপায়ন সিটি কুমিল্লা। পরের কোয়ার্টারে তারা ব্যবধান বাড়াতে না পারলেও শুরুর গোলটি আগলে রাখল ঠিকই। কিন্তু শেষ কোয়ার্টারে বদলে গেল ম্যাচের দৃশ্যপট। চার মিনিটের ঝড়ে দারুণ জয় তুলে নিয়ে ফ্র্যাঞ্চাইজি হকির প্রথম আসরের ফাইনালে পা রাখল একমি চট্টগ্রাম।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোমবার ২-১ গোলে জিতেছে চট্টগ্রাম। দলের জয়ে দুটি গোলই করেন ভারতের ফরোয়ার্ড দেভিন্দর বালমিকি।
প্রথম কোয়ার্টারে কেউ পায়নি গোলের দেখা। ২৩তম মিনিটে ফিল্ড গোলে কুমিল্লাকে এগিয়ে নেন পুস্কর ক্ষীসা মিমো। তৃতীয় কোয়ার্টার এগিয়ে থেকে শেষ করে তারা।
৪৯তম মিনিটে বালমিকির ফিল্ড গোলে সমতায় ফেরে চট্টগ্রাম। চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন ভারতের এই ফরোয়ার্ডই। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম।
একই দিনে এলিমিনেটর ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশালের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মোনার্ক পদ্মা। মঙ্গলবার তারা মুখোমুখি হবে কুমিল্লার। জয়ী দল ১৭ নভেম্বরের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রামের।
