২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নে গিয়ে ‘স্বপ্ন সত্যি হয়েছে’ ডায়ারের

টটেনহ্যাম হটস্পার থেকে ধারে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন ইংলিশ এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2024, 06:32 PM

Updated : 12 Jan 2024, 11:17 PM

ছোটবেলা থেকে এরিক ডায়ারের স্বপ্ন ছিল বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবে খেলার। তার সেই স্বপ্ন সত্যি হচ্ছে এবার। চলতি মৌসুমের বাকি অংশে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন তিনি।

প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে ধারে মৌসুমের বাকি সময়ের জন্য বায়ার্নে যোগ দিয়েছেন ডায়ার। ধারের চুক্তি শেষ হওয়ার পর চাইলে এই ইংলিশ ডিফেন্ডারকে এক বছরের জন্য দলে টানতে পারবে জার্মান ক্লাবটি।

টটেনহ্যামের সাবেক সতীর্থ হ্যারি কেইনের সঙ্গে বায়ার্নে ফের দেখা হতে যাচ্ছে ডায়ারের। গত অগাস্টে লন্ডনের ক্লাবটি থেকে ইংলিশ তারকা স্ট্রাইকার কেইনকে দলে নেয় বায়ার্ন।

ধারে হলেও, মিউনিখের ক্লাবে যেতে পেরে খুশি ২৯ বছর বয়সী ডায়ার।

“স্বপ্ন সত্যি হয়েছে। ছোটবেলা থেকে সবাই বায়ার্নের মতো ক্লাবে একদিন খেলার স্বপ্ন দেখে। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি বায়ার্ন এবং তাদের অবিশ্বাস্য ইতিহাস রয়েছে। রক্ষণে আমার বহুমুখী সামর্থ্য দিয়ে দলটিকে সহায়তা করতে মুখিয়ে আছি।”

অস্ট্রেলিয়ান কোচ এনজ পোস্টেকোগ্লু এই মৌসুমের শুরুতে টটেনহ্যামের দায়িত্ব নেওয়ার পর থেকেই মূলত দলে অনিয়মিত হয়ে পড়েন ডায়ার। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পারেন কেবল চারটি ম্যাচ।

২০১৪ সালে টটেনহ্যামে যোগ দিয়ে দলটির হয়ে ডায়ার সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৩৬৪ ম্যাচ। ১৩ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১২টিতে।