শিরোপা লড়াইয়ে আর পা হড়কানোর সুযোগ নেই, মনে করেন বার্সা কোচ
লা লিগার বাকি অংশে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস।
সবশেষ চার ম্যাচের তিনটিতেই হারাতে হয়েছে পয়েন্ট। এতে লা লিগার শিরোপা দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা জিরোনার চেয়ে এখন ৯ পয়েন্টে পিছিয়ে আছে শিরোপাধারীরা। শাভি এর্নান্দেস অবশ্য এখনই হাল ছাড়ছেন না। শিষ্যদের সতর্ক করে দলটির কোচ বলেছেন, শিরোপা ধরে রাখতে চাইলে তাদের আর হোঁচট খাওয়ার সুযোগ নেই।
লিগে ১৭ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ৪২ পয়েন্টে দুইয়ে রেয়াল মাদ্রিদ। আর ৪৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে মৌসুমের চমক জিরোনা।
বার্সেলোনার পরবর্তী ম্যাচ আগামী বুধবার, আলমেরিয়ার বিপক্ষে। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শাভি বলেন, মৌসুমের বাকি অংশে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে তিনি আশাবাদী।
“আমরা এখনও লা লিগায় ঘুরে দাঁড়াতে পারি, কিন্তু আমরা আর হোঁচট খেতে পারব না। আমরা অনেক ভুলের জন্য মাশুল দিচ্ছি এবং অনেক পয়েন্ট হারাচ্ছি। আমাদের বছরটা ইতিবাচকভাবে শেষ করতে হবে এবং মৌসুমের দ্বিতীয় ভাগে আরও ভালো করতে হবে।”
“আমি আগেই বলেছি, (শিরোপার লড়াইয়ে) তারা (জিরোনা) সরাসরি প্রতিদ্বন্দ্বী এবং রেয়াল মাদ্রিদও হোঁচট খাচ্ছে না, তবে আমাদের এখন ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।”
লিগের এই পর্যায়ে গত মৌসুমে বার্সেলোনার যা পয়েন্ট ছিল, এবার তার চেয়ে ৯ পয়েন্ট কম আছে। শাভি মনে করেন, আক্রমণে তাদের যথেষ্ট কার্যকারিতার অভাবেই এবার তারা পিছিয়ে পড়েছেন।
আগামী জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দেবেন তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিতর খক। শাভি মনে করেন, ১৮ বছর বয়সী এই ফুটবলারের কাছ থেকে বাড়তি প্রত্যাশা করা ঠিক হবে না। দলের সবাইকে এগিয়ে আসতে বলেছেন তিনি।
