পিএসজির মূল দলের অনুশীলনে ফিরলেন এমবাপে
চুক্তি নবায়নে রাজি না হওয়ায় এতদিন ক্লাবটির 'পরিকল্পনায় না থাকা' খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছেন ফরাসি ফরোয়ার্ড।
অনেক নাটকীয়তার পর অবশেষে কিলিয়ান এমবাপেকে মূল দলের অনুশীলনে ফেরাল পিএসজি। 'ইতিবাচক আলোচনার' পর ফরাসি ফরোয়ার্ডের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে রোববার বিষয়টি জানায় পিএসজি।
২০২৪ সাল পর্যন্ত পিএসজিতে চুক্তিবদ্ধ এমবাপে গত জুনে তা নবায়নে অস্বীকৃতি জানান। এরপর ক্লাবটির সভাপতি নাসের আল-খেলাইফি সাফ জানিয়ে দেন, কোনোভাবেই ২৪ বছর বয়সীকে আগামী বছর 'ফ্রি এজেন্ট' হিসেবে ক্লাব ছাড়তে দেবেন না তারা। আর দল ছাড়লে তা হতে হবে চলতি গ্রীষ্মের দলবদলেই।
এর প্রেক্ষিতে প্রাক-মৌসুমে পিএসজির এশিয়া সফরের দলে রাখা হয়নি এমবাপেকে। প্যারিসে তিনি অনুশীলন চালিয়ে যান ক্লাবটির 'পরিকল্পনায় না থাকা' খেলোয়াড়দের সঙ্গে। সেই ধারা বজায় থাকে লিগ ওয়ানে গত শনিবার লরিয়ঁর বিপক্ষে ম্যাচের আগেও। এরপর বাদ পড়েন ম্যাচটির স্কোয়াড থেকেও।
গোলশূন্য ড্র হওয়া ম্যাচটিতে অবশ্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এমবাপে। বিবৃতিতে পিএসজি জানিয়েছে, লরিয়ঁ ম্যাচের আগে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর রোববার সকালে মূল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই তারকা।
গত পাঁচ মৌসুমে লিগ ওয়ানের শীর্ষ গোলস্কোরার এমবাপের পিএসজি ছাড়ার জোর গুঞ্জন ছিল গত বছরও। শেষ পর্যন্ত রেয়াল মাদ্রিদে যোগ না দিয়ে ফরাসি ক্লাবটিতেই করেন দুই বছরের নতুন চুক্তি। এই দলবদলেও তার রেয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে খবর এসেছে।
পিএসজির পরবর্তী ম্যাচ আগামী শনিবার, লিগে তুলুজের বিপক্ষে।
