ফ্র্যাঞ্চাইজি হকিতে জয়ে ফিরল কুমিল্লা
শেষ দিকে গোল হজম করে হেরেছে মোনার্ক পদ্মা।
শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিল রূপায়ন সিটি কুমিল্লা। মাঝে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল মোনার্ক পদ্মা। তবে সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল কুমিল্লা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বুধবার ৪-৩ গোলে জিতেছে কুমিল্লা। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। প্রথম লেগেও পদ্মার বিপক্ষে ৩-২ গোলে জয় পায় তারা।
আগের ম্যাচে ওয়ালটন ঢাকার কাছে হেরে আসা কুমিল্লা এক মিনিটের ব্যবধান দুই গোল করে এগিয়ে যায়। ২১তম মিনিটে পুস্কর ক্ষীসা মিমো ও ২৩তম মিনিটে ওবায়দুল হোসেন জয় ফিল্ড গোল করেন।
তিন মিনিট পর কৃষ্ণা কুমারের হিটে পাল্টা জবাব দেয় পদ্মা। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান ফের বাড়ান কুমিল্লার সোহানুর রহমান সবুজ। এ কোয়ার্টারের শেষ দিকে মিয়া তানিমিতসু ও জং সিয়ের গোলে ম্যাচ জমিয়ে তোলে পদ্মা।
চতুর্থ ও শেষ কোয়ার্টারের খেলা দুই মিনিট বাকি থাকতে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন সবুজ। তাতে কুমিল্লার জয়ে ফেরা নিশ্চিত হয়ে যায়।
সবশেষ ম্যাচে সাইফ পাওয়ার গ্রুপ খুলনাকে হারানোর ধারাবাহিকতা এ ম্যাচে টেনে নিতে পারল না পদ্মা। এ নিয়ে চার ম্যাচের মধ্যে তিনটিতে হারল তারা।
একমি চট্টগ্রামের জয়
দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ালটন ঢাকাকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে একমি চট্টগ্রাম। ওয়ালটনের এটি দ্বিতীয় হার।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে জার্মানির পের হিনরিচের ফিল্ড গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। ২১তম মিনিটে অধিনায়ক আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরান ওয়ালটন ঢাকাকে।
তৃতীয় কোয়ার্টারে সাত মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম। ৩৭তম মিনিটে দেবিন্দর বালমিকি ও ৪৪তম মিনিটে ফরহাদ আহমেদ সিতুল লক্ষ্যভেদ করেন।
