২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

মেসিকে কেন অভিনন্দন জানাননি বললেন তেভেস

কাতার আসরে ফ্রান্স তার পছন্দের দল ছিল বলেও চমক জাগানিয়া মন্তব্য করেছেন আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 08:38 PM

Updated : 08 Jan 2023, 08:38 PM

তিন যুগের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের পর আনন্দের জোয়ারে ভেসেছে গোটা আর্জেন্টিনা। আর্জেন্টাইনদের উদযাপন ছিল বাঁধনহারা। তবে সেই দলে ছিলেন না দেশটির সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেস! বিশ্ব জয়ের পর লিওনেল মেসিকে অভিনন্দনও জানাননি তিনি।

কাতার আসরে ফ্রান্স তার পছন্দের দল ছিল বলেও চমক জাগানিয়া মন্তব্য করেছেন তেভেস।

গত মাসের ফাইনালে ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ঘুচে যায় বিশ্বকাপে তাদের ৩৬ বছরের শিরোপা খরা। ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জেতা মেসি অবশেষে পান বিশ্ব জয়ের স্বাদ।

২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচ খেলা তেভেস শনিবার বুয়েনস এইরেস ভিত্তিক রেডিও স্টেশন ‘রেডিও মিত্র’ এর সঙ্গে আলাপচারিতায় বলেন, বিশ্বকাপ খুব একটা অনুসরণ না করলেও ফ্রান্সের ম্যাচ দেখেছেন তিনি।

“আমি কাতার বিশ্বকাপ মনোযোগ দিয়ে দেখিনি। তবে ফ্রান্সের অনেক ম্যাচ দেখেছি। কারণ, ফ্রান্স আমার পছন্দের দল ছিল।”

ফোন নম্বর থাকার পরও এক সময়ের সতীর্থ মেসিকে অভিনন্দন না জানানোর কারণ ব্যাখ্যা করলেন ৩৮ বছর বয়সী তেভেস।

“আমি মেসিকে কোনো বার্তা পাঠাইনি, কারণ ওর ফোন হয়তো অনেক ব্যস্ত ছিল। আমার সন্তানদের তার গোল উদযাপন করতে দেখে আমার অনেক ভালো লেগেছে।”

গত বছরের জুনে খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রালের কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন তেভেস। তবে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় সরে দাঁড়ান ম্যানচেস্টার ইউনাইটেড, ইউভেন্তুস, ম্যানচেস্টার সিটিসহ অনেক ক্লাবে খেলা এই ফরোয়ার্ড।