২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধ জয়ের’ প্রস্তুতি নিয়ে বার্সেলোনায় যাবে পিএসজি

প্রথম লেগে ঘরের মাঠে হেরে গেলেও পিএসজি কোচ লুইস এনরিকের নিশ্চিত বিশ্বাস, পরের লেগ জিতে তারাই খেলবেন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2024, 01:07 PM

Updated : 11 Apr 2024, 01:07 PM

ঘরের মাঠে হেরে গেলেও দমে যাননি লুইস এনরিকে। হৃদয়ে বিশ্বাস আর দলের ওপর ভরসা, সবাই আছে তার। দ্বিতীয় লেগের ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন পিএসজি কোচ। সেটির মানসিক প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। দলকে রাখছেন উজ্জীবিত। আত্মবিশ্বাসী কণ্ঠে বলে দিয়েছেন, পরের লেগে জিতে সেমি-ফাইনালে উঠবে তার দলই।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বুধবার ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে ২-১ গোলে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি পিএসজি। শেষ পর্যন্ত বার্সেলোনা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিয়েছে ৩-২ গোলে।

ঘরের মাঠে এমন হার দলের জন্য বড় ধাক্কা হয়ে আসারই কথা। তবে ম্যাচ শেষে এনরিকে বললেন, দলের পারফরম্যান্সে খুব অখুশি নন তিনি।

“পরাজয়ে অবশ্যই আমরা খুশি নই। সব পরাজয়েই কষ্ট ও হতাশা থাকে। তবে খুবই শক্তিশালী একটি দলের বিপক্ষে দারুণ খেলেছি আমরা। আমাদের আরও ভালো করা উচিত ছিল এবং দ্বিতীয় লেগে অনেক উন্নতি করতে হবে। তবে আজকে যা হয়েছে, তাতেও আমি সন্তুষ্ট। নিজেদেরকে সামাল দিতে পেরেছি আমরা।”

“ম্যাচের ভাগ্য তো আসলে নির্ভর করে বিস্তারিত অনেক কিছুর ওপর। আবারও বলছি, ম্যাচটি আমরা জিততে পারতাম। তবে ছোট ছোট অনেক ব্যাপার থাকে ফুটবল ম্যাচে এবং আশা করি, পরের লেগে সেসব আমাদের পক্ষে আসবে।”

কোচ হিসেবে দলের এই পরাজয়ের দায় নিতেও আপত্তি নেই এনরিকের।

“ম্যানেজারের দায়ও আছে অবশ্যই। আমি যে খেলোয়াড়দের বেছে নিয়েছি, তাদেরকেই এই ম্যাচের জন্য উপযুক্ত মনে করেছি। তবে আজকে তা কাজে লাগেনি। দ্বিতীয়ার্ধে পরিকল্পনায় বদল এনে দুটি গোল করেছি।”

পরের লেগে তাদেরকে খেলতে হবে বার্সেলোনার মাঠে। যে ক্লাবের হয়ে খেলোয়াড়ি জীবনে স্বর্ণালী সময় কাটিয়েছেন এনরিকে, কোচ হিসেবে যে ক্লাবের হয়ে জিতেছেন ‘ট্রেবল’, সেই ক্লাব আর আঙিনা এখন তার প্রবল প্রতিপক্ষ।

ম্যাচটিকে তিনি দেখছেন ফাইনাল হিসেবে। পিএসজি কোচ নিশ্চিত, লড়াইটি জিতে শেষ চারে পা রাখবে তার দলই।

“দ্বিতীয় লেগটি এখন অনেকটা ফাইনালের মতো, সেভাবেই আমরা মাঠে নামব। আমার কোনো সংশয়ই নেই যে, আমরা কোয়ালিফাই করব। জয়ের জন্য ও এই ম্যাচের পারফরম্যান্সের জন্য বার্সেলোনাকে অভিনন্দন জানাই।”

“আমরা বার্সেলোনায় যাব যুদ্ধ জয়ের প্রস্তুতি নিয়ে। তীব্র তাড়না নিয়ে যাব আমরা। প্রতিপক্ষকে কখনোই ফেভারিট হিসেবে দেখি না আমি, যে প্রতিপক্ষই হোক না কেন। শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় এভাবেই দেখি আমি। আমি বিশ্বাস করি, জয়ের জন্যই বার্সেলোনায় যাব আমরা।”

ম্যাচজুড়ে একদমই নিষ্প্রভ হয়ে থাকা কিলিয়ান এমবাপেকে নিয়ে প্রশ্নে অবশ্য কোনো মন্তব্য করেননি কোচ।

দ্বিতীয় লেগের লড়াইটি হবে আগামী মঙ্গলবার।