২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরব ও ইউরোপের দলবদল একই সময়ে চান আর্তেতা

দলবদলের সময়ের পার্থক্যকে ন্যায্য মনে হচ্ছে না আর্সেনাল কোচের।

সৌদি আরব ও ইউরোপের দলবদল একই সময়ে চান আর্তেতা

সৌদি ফুটবলের দুই তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও রবের্তো ফিরমিনো (বাঁয়ে) ও আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 09:50 PM

Updated : 25 Aug 2023, 10:08 PM

ইউরোপের তুলনায় সৌদি প্রো লিগের দলবদলের সময়সীমা বেশি। যা একদমই পছন্দ হচ্ছে না মিকেল আর্তেতার। আর্সেনাল কোচের মতে, সবার দলবদল মৌসুম একই সময়ে শেষ হওয়া উচিত।

এবারের গ্রীষ্মের দলবদলে দাপট দেখাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। কাড়ি কাড়ি অর্থের বিনিময়ে ইউরোপের তারকা ফুটবলারদের দলে ভিড়িয়েই চলেছে তারা।

গত জানুয়ারিতে আল নাস্‌রে ক্রিস্তিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর থেকে খেলোয়াড়দের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে সৌদি প্রো লিগ। সেই থেকে এখনও পর্যন্ত ইউরোপিয়ান ফুটবল থেকে ফুটবলার ও কোচদের দলে আনতে ৬০ কোটি ইউরোর বেশি খরচ করে ফেলেছে সৌদি কর্তৃপক্ষ।

গত ইউরোপিয়ান মৌসুম শেষে সৌদি আরবের বিভিন্ন ক্লাবে পা রেখেছেন নেইমার, করিম বেনজেমা, রিয়াদ মাহরেজ, এনগোলো কঁতে, জর্ডান হেন্ডারসন, রবের্তো ফিরমিনো, এদুয়াঁ মঁদি, কালিদু কুলিবালি, অ্যালেক্স তেলিস, ম্যালকম, রুবেন নেভেসের মতো তারকাসহ আরও বেশ কিছু ফুটবলার। কিছুদিন আগেও এমন তারকার সমাবেশ এখানে ছিল অকল্পনীয়, এখন তা বাস্তব।

আগামী শুক্রবার ইউরোপে গ্রীষ্মের দলবদল মৌসুমের শেষ দিন। কিন্তু সৌদি প্রো লিগের ক্লাবগুলোর জন্য সুযোগ থাকছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এখানেই আপত্তি আর্তেতার।

প্রিমিয়ার লিগে শনিবার ফুলহ্যামের মুখোমুখি হবে আর্সেনাল। আগের দিন সংবাদ সম্মেলনে আর্তেতাকে প্রশ্ন করা হয়, ইউরোপ ও সৌদি লিগের দলবদল মৌসুমের সময়ের এই পার্থক্য ন্যায্য কিনা।

“না, সৌদি লিগ এখন প্রতিদ্বন্দ্বী। আমি মনে করি, এই জায়গায় পরিবর্তন আনতে হবে।”

“এটা (সৌদি লিগ) আরেকটি প্রতিযোগী। খেলোয়াড়, কোচ ও এই খেলার সঙ্গে সম্পৃক্ত মানুষদের সিদ্ধান্ত নেওয়ার জন্য বিকল্প সুযোগ দেয় এই লিগ।”

এবারের গ্রীষ্মের দলবদলে এখন পর্যন্ত সৌদি প্রো লিগে যোগ দেননি আর্সেনালের কোনো খেলোয়াড়। তবে শোনা যাচ্ছে, গাব্রিয়েল মাগালিয়াইস ও থমাস পার্টিকে নিতে আগ্রহ দেখাচ্ছে সেখানকার ক্লাবগুলো।

আর্তেতার মতে, প্রিমিয়ার লিগের ট্রান্সফার উইন্ডোর সময় শেষ হওয়ার পর কোনো খেলোয়াড় বিক্রি করা উচিত হবে না।

“নীতিটি হবে এমন যে, আমরা কোনো প্রস্তাব বিবেচনায় নেব না। কিন্তু ক্লাবের হয়ে সিদ্ধান্ত আমি নিতে পারি না। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত অনেক লোক আছে এবং নিশ্চিতভাবে সিদ্ধান্তটা তাদের…।”