বেনজেমার আরেকটি ব্যালন দ’র? আনচেলত্তি বললেন, ‘কেন নয়!’
বয়স ৩৫ পেরিয়ে গেলেও বেনজেমার আরেকটি ব্যালন দ’র জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
বাতাসে যখন ফুরিয়ে যাওয়ার গুঞ্জন, করিম বেনজেমা তা উড়িয়ে দিলেন ফুৎকারে। পারফরম্যান্সে ভাটার টান এসেছিল বটে। তবে তা যে ছিল স্রেফ কিছুটা খারাপ সময়ের হাওয়া, তিনি তা বুঝিয়ে দিলেন টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে। এই ফর্ম ধরে রাখা তো বটেই, আবার তার ব্যালন দ’র জয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
২০২১-২২ মৌসুমে অসাধারণ পারফরম্যান্সে ব্যালন দ’র জয় করা বেনজেমা চলতি মৌসুমের অনেকটা সময় ছিলেন নিজের ছায়া হয়ে। চোটের কারণে ভুগতে হয়েছে তাকে বেশ। পারফরম্যান্সে ছিল ক্লান্তি ও শ্রান্তির রেশ। সব মিলিয়ে তিনি ছিলেন কিছুটা অধারাবাহিক। সেরা সময় পেছনে ফেলে এসেছেন কি না, সেই আলোচনা চলছিল জোরেসোরেই।
পারফরম্যান্সেই তা থামিয়ে দিলেন বেনজেমা। গত রোববার রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে রিয়ালের ৬-০ গোলের জয়ে হ্যাটট্রিক করার পর এবার তিনি গুঁড়িয়ে দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। কোপা দেল রের সেমি-ফাইনালে বুধবার উপহার দিলেন আরেকটি হ্যাটট্রিক। প্রথম লেগে ১-০ গোলে হেরে যাওয়া রিয়াল এবার বার্সেলোনার মাঠে ৪-০ গোলের জয়ে পৌঁছে গেল ফাইনালে।
গত বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানান বেনজেমা। কদিন আগে আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে ক্লাব ফুটবলের যে বিরতি ছিল, সেই সময়টায় এই ফরোয়ার্ড নিজেকে ঝালাই করেছেন বলে জানালেন আনচেলত্তি।
“আন্তর্জাতিক খেলার বিরতির সময়টায় সে যে কাজ করেছে, তা দারুণভাবে কাজে লেগেছে তার। নিজের সেরা অবস্থাটা আবার সে ফিরে পেয়েছে। তার মান তো সবসময়ই দুর্দান্ত, সঙ্গে শারীরিক অবস্থা ভালো থাকায় এটিই পার্থক্য গড়ে দিয়েছে।”
বয়স ৩৫ পেরিয়ে গেলেও বেনজেমার আবার ব্যালন দ’র জয়ের সম্ভাবনা আছে কি না, সংবাদ সম্মেলনে এই প্রশ্নে আনচেলত্তির ত্বরিত উত্তর, “কেন নয়…!” সে শুধু সেরা ফরোয়ার্ডদের একজনই নয়, এখনও পর্যন্ত বিশ্বের সেরা ফুটবলারদেরও একজন। কোনো সংশয় নেই এতে। যে যদি ফিট থাকে, তাহলে সবসময়ই পার্থক্য গড়ে দিতে পারে।”
