হারের হতাশা ভুলে এগিয়ে যাওয়ার প্রত্যয় কাবরেরার
নেপালের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে না পারার অকপট স্বীকারোক্তি দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।
রক্ষণের দৃঢ়তায় ছিল কমতি। মাঝমাঠের লাগাম জামাল-হেমন্তরা পারেননি মুঠোয় রাখতে। ফলে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের চাওয়ার সঙ্গে পাওয়ার হিসাবটা মেলেনি। তবে, হারের হতাশা ভুলে এগিয়ে যাওয়ার আশাবাদ জানিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার নেপালের বিপক্ষে ৩-১ গোলে হারে বাংলাদেশ। প্রথমার্ধেই অঞ্জন বিস্তার হ্যাটট্রিকে বাংলাদেশকে কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সাজ্জাদ হোসেন দলকে ঘুরে দাঁড়ানো গোল এনে দিলেও শেষ রক্ষা হয়নি।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কাবরেরার কথায় উঠে এলো দ্বিতীয়ার্ধে তাড়াহুড়ো করে দলের খেই হারানোর কথা।
“আমরা ভালো খেলছিলাম, কিছু সুযোগও পেলাম, কিন্তু নেপাল গোল পেল, যে জায়গাটায় তারা শক্তিশালী। দ্বিতীয়ার্ধে আমাদের মধ্যে কথা হয়েছিল, ছেলেদের বলেছিলাম, শেষ ১০ মিনিট আমরা ভালো খেলেছি। গোলের প্রত্যাশা করেছিলাম, দ্বিতীয়ার্ধে সেটাও পেলাম।”
“একইভাবে আমরা খেলে যেতে চেয়েছিলাম, ম্যাচে ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু শেষ ২০ মিনিট আমরা ম্যাচে নিয়ন্ত্রণ হারালাম, তাড়াহুড়ো করে ঘুরে দাঁড়াতে পারলাম না। যাই হোক, নেপালকে অভিনন্দন। আমাদেরকেও কাজ চালিয়ে যেতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
জামাল ভূঁইয়ার ফ্রি-কিক ক্রসবার কাঁপিয়ে ফিরে না এলে শুরুতে এগিয়ে যেতে পারত বাংলাদেশই। দ্বিতীয়ার্ধেও ব্যর্থতা পিছু ছাড়েনি দলের। সাজ্জাদের গোলের পর মোহাম্মদ ইব্রাহিমের হেড পোস্টের অল্প একটু বাইরে দিয়ে যায়। গোলাদাতা সাজ্জাদও লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশা বাড়ান পরে। ৭৮তম মিনিটে রাকিবের জোরালো শট বাইরের জাল কাঁপায়।
হারের পেছনে নষ্ট হওয়া এই সুযোগগুলোর দায় দেখছেন কাবরেরা। অকপটে বললেন, কিছু ক্ষেত্রে নেপালের তুলনায় দুর্বল থাকার কথাও।
“আমরা ভেবেছিলাম কঠিন লড়াই হবে; কিছু জায়গায় আমরা দুর্বল ছিলাম। নেপালকে সুযোগ দিয়েছি। আমরা ম্যাচে ঘুরে দাঁড়াতে পারিনি, ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারিনি, কাজে লাগাতে পারিনি হাফ-চান্সগুলো।”
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলল বাংলাদেশ। কম্বোডিয়ার মাঠ থেকে ১-০ গোলে জিতে এসে নেপালের কাছে পাত্তাই পেল না কাবরেরার দল।
