অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে খেলার সুযোগ পাওয়ার আনন্দ কাবরেরার
পা হড়কালে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া থমকে যেত বলে এই জয়ের স্বাদ হাভিয়ের কাবরেরার কাছে স্বস্তির চেয়েও বেশি কিছু।
শক্তিশালী দলগুলোকে পাশ কাটিয়ে যাওয়া নয়, তাদের বিপক্ষে খেলাই মূল লক্ষ্য। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্রিলিমিনারি রাউন্ড পেরুতে পারায় সে লক্ষ্য পূরণ হয়েছে হাভিয়ের কাবরেরার। তাই মালদ্বীপের বিপক্ষে জয়টি বাংলাদেশ কোচের কাছে স্রেফ স্বস্তি নয়, বরং আরও বেশি প্রাপ্তির আনন্দও।
২০১৬ সালে বিশ্বকাপ বাছাইয়ে ভুটানের কাছে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে ১৬ মাসের জন্য নির্বাসনে গিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার কিংস অ্যারেনায় পা হড়কালে রক্ষে ছিল না কাবরেরার দলের। রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ২-১ ব্যবধানের জিতেছে বাংলাদেশ।
মালের প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে বাছাইয়ের দ্বিতীয় ধাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার গ্রুপে খেলবে বাংলাদেশ। 'আই' গ্রুপের অন্য দুই দল লেবানন ও ফিলিস্তিন। হোম ও অ্যাওয়ে মিলিয়ে শক্তিশালী এই দলগুলোর বিপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবেন রাকিব-মিতুলরা।
গত জুন-জুলাইয়ে ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলেছে বাংলাদেশ। উন্নতির গ্রাফ উঁচুতে নিতে মালদ্বীপের বিপক্ষে জয় ভীষণ জরুরি ছিল দলের। সে চাওয়া পূরণ হওয়ায় খুশি কাবরেরা।
“খুবই ভালো লাগছে…আমরা জানতাম ম্যাচটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এর পেছনে অনেক পরিশ্রম আছে এবং যদি আজ আমরা জিততে না পারতাম, তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় সমস্যা হত।”
“শেষ ছয়-সাতটা মাসে আমরা যে উন্নতি করেছি…যদি আমরা বাছাইয়ের পরের ধাপের ম্যাচগুলো খেলার সুযোগ মিস করতাম, এশিয়ান কাপের বাছাই মিস করতাম, তাহলে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া ভেঙে পড়ত। তাই অবশ্যই স্বস্তি অনুভব করছি।”
মালদ্বীপে পিছিয়ে পড়ে ড্র নিয়ে ফিরেছিল বাংলাদেশ। আর এখানে পিছিয়ে পড়ে সমতা ফেরায় মালদ্বীপ। এরপর ৫৯তম মিনিটে সোহেল রানার লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সব চাপ জেতা শিষ্যদের তাই প্রশংসায় ভাসালেন কাবরেরা।
“ছেলেরা চাপ ভালোভাবে সামলেছে। সম্ভবত মালদ্বীপ থেকে ড্র করে ফেরার পর আমরা এটা ম্যানেজ করতে শিখেছি। নিশ্চিত করেছি সবাই যেন সাচ্ছ্বন্দ্যবোধ করে, সবাই যেন মানসিকভাবে মনে করে হোম গ্রাউন্ডে খেলা তাদের জন্য বাড়তি সুবিধা, সবাই আমাদের সমর্থন করছে, ফলে জানতাম কিংস অ্যারেনা দর্শকে ঠাসা থাকবে এবং সবাই আত্মবিশ্বাসী ছিল। সাফ থেকে ফেরার পর… এটা ভীষণ হাই ইন্টেনসিটির ম্যাচ ছিল। ছেলেরা অবশ্যই ভালোভাবে সব চাপ সামলেছে। স্টেডিয়ামের আবহও আমাদের অনেক সাহায্য করেছে।”
বিরতির আগে ঘুরে দাঁড়ানো মালদ্বীপের প্রশংসা করতেও ভোলেননি কাবরেরা। তবে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ঘুরেফিরে তার কণ্ঠে শোনা গেল পরের ধাপে বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাওয়ার তৃপ্তি।
“এমন লড়াই প্রত্যাশিত ছিল। হাড্ডাহাড্ডি (সুপার হার্ড) লড়াই হয়েছে। শক্তিশালী একটা দলের বিপক্ষে খুবই আটসাঁট একটা ম্যাচ হলো। মানসম্পন্ন ফুটবল খেললাম আমরা, বিশেষ করে মাঝমাঠে ও আক্রমণভাগে। আগেই বলেছিলাম, যে কোনো সময়ের চেয়ে বেশি নিজেদের মধ্যে (বিশ্বাস) থাকতে হবে আমাদের যে, আমরা কী করতে সমর্থ।”
“আমাদের শুরুটাও ভালো ছিল। কিন্তু মালদ্বীপের সামর্থ্য আছে, ভুল করলে তারা আপনাকে শাস্তি দিবে, সেটা তারা দিল। দ্বিতীয়ার্ধে আমাদের আত্মবিশ্বাসী থাকাটা গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা আত্মবিশ্বাস নিয়ে লড়াকু ফুটবল খেলেছে। পরস্পরকে সহযোগিতা করেছে, ত্যাগ স্বীকার করেছে। সবার সম্মিলিত চেষ্টায় ইতিবাচক ফল এসেছে। এখন আমাদের সামনে (বিশ্বকাপ বাছাইয়ের) গ্রুপ পর্বে খেলার সুযোগ।
