২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারের পর কোচকে রেখেই চলে গেল নাপোলির টিম বাস!

পরে নাপোলির কোচ ওয়াল্তার মাজ্জারিকে ট্যাক্সিতে করে ফিরতে হয়।

হারের পর কোচকে রেখেই চলে গেল নাপোলির টিম বাস!

নাপোলির কোচ ওয়াল্তার মাজ্জারি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 08:50 PM

Updated : 25 Dec 2023, 09:56 PM

রোমার বিপক্ষে হারের হতাশা নিয়ে সংবাদ সম্মেলনে যান ওয়াল্তার মাজ্জারি। প্রশ্ন-উত্তর পর্ব শেষ হতে সময় লেগে যায় বেশি। কোচের জন্য তাই অপেক্ষা করেনি টিম বাস। তাকে ফেলে রেখেই স্টেডিয়াম ছেড়ে চলে যায় সবাই!

বিস্ময়কর এই কাণ্ডের পর মাজ্জারিকে অগত্য ধরতে হয়েছে ট্যাক্সি। অলিম্পিক স্টেডিয়াম থেকে নেপলসে ফিরতে হয়েছে ট্যাক্সিতে চেপে।

মৌসুমের শুরু থেকেই বারবার হোঁচট খাচ্ছে নাপোলি। বড় দিনের আগের ম্যাচেও সেরি আ’তে সুখকর অভিজ্ঞতা হয়নি গতবারের লিগ চ্যাম্পিয়নদের। রোমার মাঠে শনিবার রাতে ২-০ গোলে হেরে যায় তারা। দুটি গোলই মাজ্জারির দল হজম করে দ্বিতীয়ার্ধে।

দুই গোল হজমের আগে দুই লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয় নাপোলি। লাল কার্ড দেখেন মাত্তেও পলিতানো ও ভিক্টো ওসিমেন।

দুই লাল কার্ড, দলের হার- সব মিলিয়ে অস্বস্তি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মাজ্জারি। একের পর এক প্রশ্নের উত্তর দিতে দিতে সংবাদ সম্মেলনও হতে থাকে দীর্ঘ।

ইতালিয়ান দৈনিক রেপুবলিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে, কোচের জন্য বাইরে অপেক্ষায় ছিল টিম বাস। কিন্তু ওই প্রশ্ন-উত্তর পর্ব দীর্ঘ হওয়ার কারণে শেষ পর্যন্ত কোচকে রেখে চলে যান খেলোয়াড়, কোচিং স্টাফসহ বাকিরা। ফলে নেপলসে ফিরতে ট্যাক্সি নিতে হয় মাজ্জারিকে।

এই হারের পর ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সেরি আ টেবিলে সপ্তম স্থানে আছে নাপোলি। ২৮ পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এক ধাপ উপরে আছে রোমা।