২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার জালে বায়ার্নের ৮ গোল লেভানদোভস্কির কাছে ‘অতীত’

এখন বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের দিকে পুরো মনোযোগ দিচ্ছেন পোলিশ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2022, 06:16 PM

Updated : 26 Jul 2022, 06:44 PM

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সেলোনার সেই ৮ গোল হজমের পর দুই বছর হতে চলল। তবে সেই ম্যাচের প্রসঙ্গ এখনও মাঝেমধ্যেই ওঠে। আরও একবার উঠল রবের্ত লেভানদোভস্কির সংবাদ সম্মেলনে। জার্মান দলটি থেকে সম্প্রতি বার্সেলোনায় আসা পোলিশ তারকার মতে, ফুটবলে অতীত কেউ মনে রাখে না। কাম্প নউয়ের দলটির হয়ে শিরোপা জয়ের দিকেই এখন তার সব মনোযোগ।

২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পথে এক লেগের কোয়ার্টার-ফাইনালে লিসবনে বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন। বুন্ডেসলিগার দলটির হয়ে একটি গোল করেছিলেন লেভানদোভস্কি।

সময়ের পরিক্রমায় তিনি এখন বার্সেলোনার খেলোয়াড়। কাতালান দলটির সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে ছয় দিন হলো। যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ সময় গত রোববার সকালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নতুন ক্লাবের হয়ে প্রথম মাঠে নামেন তিনি।

তার দারুণ একটি স্মৃতি রয়েছে রিয়ালের বিপক্ষেও। ২০১২-১৩ চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে মাদ্রিদের দলটিকে ৪-১ গোলে হারিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। তখন ডর্টমুন্ডের হয়ে খেলা লেভানদোভস্কি ম্যাচটিতে একাই করেছিলেন চার গোল।

প্রাক-মৌসুমে নিজেদের পরের প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ইউভেন্তুসের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে লেভানদোভস্কির কাছে প্রশ্ন করা হয় বার্সার ৮-২ গোলে হার ও রিয়ালের বিপক্ষে তার চার গোল নিয়ে। সেসবকে তিনি দেখছেন স্রেফ অতীত হিসেবে।

“এখন আমি বার্সার অংশ এবং এটি নতুন একটি অধ্যায়, নতুন কিছু করার সুযোগ। এখন পেছনে ফিরে তাকানোর সময় নয়।”

এই মৌসুমে বার্সেলোনার সব শিরোপা জয়ের সুযোগ আছে বলে মনে করেন দুবারের ফিফা বর্ষসেরা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“যদি আমাদের সম্ভাবনার দিকে তাকান, আমি মনে করি আমাদের সবকিছু জয়ের সুযোগ আছে। আমাদের প্রবল সম্ভাবনা আছে।”