ফ্র্যাঞ্চাইজি হকিতে আরেকটি হার মোনার্ক পদ্মার
এবার মেট্রো এক্সপ্রেস বরিশালের কাছে পাত্তাই পায়নি দলটি।
পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরল মোনার্ক পদ্মা। কিন্তু ওই অতটুকই, পরে তেমন কোনো চ্যালেঞ্জ তারা মেট্রো এক্সপ্রেস বরিশালকে জানাতে পারল না। হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ে ফিরল বরিশাল।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার পদ্মাকে ৪-১ গোলে হারায় বরিশাল। জোড়া গোল করেন আখিমুল্লাহ ইশোক। একটি করে গোল মামুনুর রহমান চয়ন ও সারোয়ার মোর্শেদের।
চতুর্থ মিনিটে বরিশাল এগিয়ে যায় আখিমুল্লাহর গোলে। প্রথম কোয়ার্টারের শেষ দিকে সমতায় ফিরে পদ্মা।
দুটি পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ম্যাচে চালকের আসনে বসে যায় বরিশাল; জালের দেখা পান আখিমুল্লাহ ও মামুনুর রহমান চয়ন।
চতুর্থ কোয়ার্টারে সারোয়ারের ফিল্ড গোলে আগের ম্যাচে রূপায়ন সিটি কুমিল্লার কাছে হেরে আসা বরিশালের জয়ে ফেরা নিশ্চিত হয়ে যায়। পাঁচ ম্যাচে এটি চতুর্থ জয় তাদের।
দুই হারের পর মাঝে জয়ের দেখা পাওয়া পদ্মা ফের টানা দুই ম্যাচ হারল।
কষ্টের জয় একমি চট্টগ্রামের
দিনের দ্বিতীয় ম্যাচে সাইফ পাওয়ার গ্রুপ খুলনাকে ১-০ গোলে হারিয়েছে একমি চট্টগ্রাম। ২৩তম মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ভারতের দেবিন্দর বালমিকি। এ নিয়ে পাঁচ ম্যাচে চতুর্থ জয় পেল চট্টগ্রাম। অন্যদিকে খুলনার ব্যর্থতার পাল্টা হলো আরও ভারি। পাঁচ ম্যাচের সবগুলোই হারল তারা।
