৪২ বছরের রেকর্ড ভাঙলেন ১৩ বছর বয়সী ফুটবলার
যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ পেশাদার ফুটবলার এখন আইরিশ কিশোর ক্রিস্টোফার আথারটন।
বয়স মোটে ১৩। ক্রিস্টোফার আথারটনের এখন খেলার কথা বয়সভিত্তিক দলে। কিন্তু আইরিশ এই কিশোর ভিন্ন ধাতুতে গড়া। সেই পথ না মাড়িয়ে গড়লেন যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ পেশাদার ফুটবলারের রেকর্ড।
আয়ারল্যান্ডের এনআইএফএল প্রিমিয়ারশিপে গত মঙ্গলবার গ্লেনাভন ও ডলিংসটাউনের ম্যাচে মাঠে নেমে ইতিহাস গড়েন আথারটন। ভেঙ্গে দেন ৪২ বছরের পুরনো রেকর্ড। এই ম্যাচ খেলার সময় তার বয়স ছিল ১৩ বছর ৩২৯ দিন।
মাঠের খেলাতেও নিজের সামর্থ্যের ঝলক দেখান আথারটন। ম্যাচে তার দল জেতে ৬-০ গোলে। বদলি হিসেবে নেমে প্রথম স্পর্শেই ষষ্ঠ গোলে অবদান রাখেন আথারটন।
যুক্তরাজ্যে পেশাদার ফুটবলে সর্বকনিষ্ঠ হিসেবে খেলার রেকর্ডটি এতদিন ছিল আইমন কলিন্সের। ১৯৮০ সালের সেপ্টেম্বরে ব্ল্যাকপুলের হয়ে ১৪ বছর ৩২৩ দিন বছর বয়সে অভিষেক হয়েছিল তার।
সব মিলিয়ে পেশাদার ফুটবলে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড বলিভিয়ার মাউরিসিও বালদিভিসোর। ২০০৯ সালে মাত্র ১২ বছর বয়সে বলিভিয়ান লিগে ক্লাব অরোরার হয়ে অভিষেক হয়েছিল তার। ওই সময়ে দলটির কোচ ছিলেন বালদিভিসোর বাবা।
