গোলের ‘রহস্য’ জানালেন রদ্রিগো
আল আহলির বিপক্ষে গোলের দেখা পেয়ে খুশি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
বড় মঞ্চে গোল করার জন্য এরই মধ্যে বেশ পরিচিতি পেয়ে গেছেন রদ্রিগো। সেই ধারাবাহিকতা তিনি ধরে রেখেছেন ক্লাব বিশ্বকাপেও। সেমি-ফাইনালে আল আহলির বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের ম্যাচে জালের দেখা পান তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়াকেই গোল পাওয়ার মূল মন্ত্র মনে করেন তিনি।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে গত বুধবার ৪-১ গোলে জেতে রিয়াল। শুরুর একাদশে থাকা রদ্রিগো দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে করেন দলের তৃতীয় গোল।
প্রথমার্ধে একক প্রচেষ্টায় গোলের দেখা প্রায় পেয়েই যাচ্ছিলেন রদ্রিগো। বাঁ দিকের টাচলাইনের কাছে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। সেখানে আরেক জনের বাধা এড়িয়ে তার চিপ শটে বল কাছের পোস্টের বাইরের দিকে লাগে।
অবশেষে রিয়াল ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় জালের দেখা পান তিনি। দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার খেতাব জেতেন ২২ বছর বয়সী এই ফুটবলার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩১ ম্যাচ খেলে ১০ বার জালের দেখা পেয়েছেন রদ্রিগো।
গত মৌসুমে দলটির লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে গুরুত্বপূর্ণ কিছু গোল করেছিলেন রদ্রিগো। ইউরোপ সেরা প্রতিযোগিতার সেমি-ফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের মুখে শেষ মুহূর্তে পরপর দুই মিনিটে তার দুই গোলেই ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে এবং পরে জিততে পারে কার্লো আনচেলত্তির দল।
আল আহলি ম্যাচের পর ফিফা প্লাস এর সঙ্গে আলাপচারিতায় রদ্রিগো বলেন, গোলের সুযোগ তৈরি করতে পেরে ও জালের দেখা পেয়ে তিনি খুশি।
“প্রথমার্ধে চমৎকার একটি গোল প্রায় করেই ফেলছিলাম আমি। এরপর দ্বিতীয়ার্ধে আমি জালের দেখা না পাওয়া পর্যন্ত (গোল করার) চেষ্টা চালিয়ে যাই।”
“আমি মনে করি এটিই আসল রহস্য: (গোল) না করা পর্যন্ত চেষ্টা করা বন্ধ করা যাবে না। আমি খুশি যে, (দানি) সেবাইয়োসের সঙ্গে সুযোগটি তৈরি করতে পেরেছি এবং গোল করতে পেরেছি।”
ফাইনালে আগামী শনিবার সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন রিয়াল।
