বার্সেলোনায় পৌঁছেছেন ভিতর খক
সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে, খুব দ্রুতই বার্সেলোনার জার্সিতে অভিষেক হতে পারে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
নতুন ক্লাবে যোগ দেওয়ার লক্ষ্যে বুধবার বার্সেলোনায় পৌঁছেছেন ভিতর খক। চুক্তির আনুষ্ঠানিকতার বাকি কাজটুকু সম্পন্ন হলেই কাতালান ক্লাবটির মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
১৮ বছর বয়সী এই ফুটবলারের ক্লাব আথলেতিকো পারানেন্সের সঙ্গে সমঝোতায় পৌঁছার কথা গত জুলাইয়ে জানিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এরপর বাকি থাকবে লা লিগায় খেলোয়াড়ের নিবন্ধন প্রক্রিয়া।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শুরু হবে আগামী ২ জানুয়ারি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়ে গেলে, আগামী ৪ জানুয়ারি লাস পালমাসের বিপক্ষে লিগ ম্যাচেই বার্সেলোনার হয়ে অভিষেক হতে পারে খকের।
ইএসপিএনর খবর অনুযায়ী, দারুণ সম্ভাবনাময় এই ফুটবলারকে দলে টানতে চার কোটি ইউরো খরচ হচ্ছে বার্সেলোনা। শুরুতে বলা হয়েছিল, ২০২৪-২৫ মৌসুমে কাতালান ক্লাবটিতে যোগ দেবেন খক। চুক্তি হবে ২০৩১ পর্যন্ত।
তবে, চলতি মৌসুমে দলের চোট সমস্যা এবং ফিনিশিংয়ে ভোগান্তির কারণে আগেভাগে তাকে দলে আনার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা।
আথলেতিকো পারানেন্সের হয়ে মোট ৮০ ম্যাচ খেলে ২৮টি গোল করেছেন খক। এর মধ্যে চলতি বছরে ৪৪ ম্যাচে করেছেন ২১টি।
দুর্দান্ত ফর্মে চলার পথে মাঝে কিছুটা হোঁচট খান তিনি; গত সেপ্টেম্বরে অ্যাঙ্কেলে চোট পেয়ে ছিটকে যান দুই মাসের জন্য। সেই ধাক্কা সামলে এরই মধ্যে ফিরেছেন মাঠে। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন গত ৩ ডিসেম্বর।
এবার তার নতুন চ্যালেঞ্জ নেওয়ার পালা।
