২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রোনালদোর হ্যাটট্রিক, সাদিও মানের দুই গোল

লিগের প্রথম দুই ম্যাচ হারার পর এই দুই তারকার দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় পেল আল নাস্‌র।

রোনালদোর হ্যাটট্রিক, সাদিও মানের দুই গোল

সাদিও মানে ওক্রিস্তিয়ানো রোনালদো মিলে দলকে এনে দেন বড় জয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 09:57 AM

Updated : 26 Aug 2023, 10:24 AM

মৌসুম শুরুর আঁধার পেরিয়ে অবশেষে আলোর দেখা পেল আল নাস্‌র। আপন আলোয় উদ্ভাসিত হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। জ্বলে উঠলেন সাদিও মানে। মৌসুমের প্রথম দুই লিগ ম্যাচে হেরে যাওয়ার পর অবশেষে প্রথম জয়ের স্বাদ পেল আল নাস্‌র।

সৌদি প্রো লিগে শুক্রবার জয়ের প্রবল তেষ্টায় মাঠে নামা আল নাস্‌র ৫-০ গোলে উড়িয়ে দেয় আল ফাতেহকে।

প্রথম দুই ম্যাচে গোলবিহীন রোনালদো এবার করেন হ্যাটট্রিক। দুটি গোল করেন এই মৌসুমেই দলে যোগ দেওয়া মানে।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দারুণ দাপুটে ফুটবল খেলতে থাকে আল নাস্‌র। কিন্তু জালের দেখা পাচ্ছিল না তারা। ২৬তম মিনিটের মানের পাস থেকে বল পেয়ে রোনালদো গোল করতে ব্যর্থ হন খুব কাছ থেকেও। পরের মিনিটেই অবশ্য এই জুটির সৌজন্যেই খুলে যায় গোলের দুয়ার।

মার্সেলো ব্রজোভিচের পাসে বক্সের বাইরে থেকে চোখধাঁধানো এক ব্যাক হিল করেন রোনালদো। প্রতিপক্ষের বিভ্রান্ত ডিফেন্ডার বুঝে উঠতে পারেননি কিছু। বক্সের ভেতরে বল পেয়ে সাদিও মানে ঠাণ্ডায় মাথায় শেষ করেন কাজ।

৩১তম মিনিটে অনেকটা লাফিয়ে রোনালেদা দারুণ হেড নিলেও তা অল্পের জন্য বাইরে চলে যায়। তার হতাশা শেষ হয় ৩৮তম মিনিটে। এবার হেড থেকেই বল জালে জড়ান ৩৮ বছর বয়সী তারকা।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আবার গোলের দেখা পান রোনালদো। এবার মূল কাজ যদিও করেন আব্দুলরাহমান ঘারিব। বিপজ্জনকভাবে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারকেও কাটিয়ে দিনি বল দেন রোনালদোকে। তার কাজ ছিল স্রেফ বল জালে জড়ানো। বাঁ পায়ে আলতো শটে কাজ সারেন তিনি।

Image

রোনালদোর চেনা উদযাপন। 

এরপর আল ফাতেহ কয়েকটি আক্রমণ করে বটে। কিন্তু গোল করতে পারেনি। ৮২তম মিনিটে দ্বিতীয় গোল করেন সাদিও মানে। বেশ কজন ডিফেন্ডারের মধ্যেও অনেকটা অরক্ষিত ছিলেন তিনি। হেডে বল জালে পাঠাতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে।

রোনালদোর হ্যাটট্রিক পূর্ণ হয় যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। বক্সের ভেতর ডান দিকে বল পেয়ে নাওয়াফ বুশাল দারুণ এক পাস দেন আগুয়ান গোলকিপারকে কাটিয়ে। এবারও রোনালদোর কাজ ছিল স্রেফ আলতো করে বল জালে পাঠানো।

রোনালদোর ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক এটি। বয়স ৩০ পেরিয়ে তার হ্যাটট্রিক হয়ে গেল ৩৩টি।

রোনালদোর স্বদেশী ওতাভিও ও মাত্রই ম্যানচেস্টার সিটি থেকে আল নাস্‌রে যোগ দেওয়া ডিফেন্ডার এমেরিক লাপোর্ত এ দিন প্রথম মাঠে নামেন নতুন ক্লাবের জার্সিতে।