যুক্তরাষ্ট্রে দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট আনচেলত্তি, দুর্ভাবনা বেশি রক্ষণ নিয়ে
মৌসুমের মূল লড়াই শুরুর আগেই রক্ষণের ঘাটতি পুষিয়ে নেওয়ার তাগিদ দিলেন রেয়াল মাদ্রিদ কোচ।
প্রাক-মৌসুমের প্রস্তুতিপর্বে জয়-পরাজয় মুখ্য নয়, মূল লড়াইয়ে মাঠে নামার আগে দল গুছিয়ে নেওয়াই আসল। রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও তাই চিন্তিত নন, সবশেষ দুই প্রীতি ম্যাচে দলের হার নিয়ে। কিন্তু পুরো যুক্তরাষ্ট্র সফরেই যে দলের পারফরম্যান্স তেমন সন্তোষজনক নয়। কোচের সবচেয়ে দুর্ভাবনার জায়গা হয়ে উঠেছে দলের নড়বড়ে রক্ষণভাগ।
গত মৌসুমে কেবল কোপা দেল রে জয়ী রেয়ালকে অন্য সব প্রতিযোগিতায় ‘ভঙ্গুর’ রক্ষণের জন্য ভুগতে হয়। লা লিগাতেই যেমন চ্যাম্পিয়ন বার্সেলোনা পুরো আসরে গোল খেয়েছিল মাত্র ২০টি, সেখানে আনচেলত্তির দল হজম করেছিল ৩৬টি।
তাদের সেই দুর্বলতা ভাবাতে পারে এবারও। অন্তত যুক্তরাষ্ট্রে যে চারটি প্রীতি ম্যাচ খেলল তারা, তাতে সেই শঙ্কাই যে জোরাল হয়ে উঠছে।
সফরের শুরুটা অবশ্য জয়ের বেশেই করতে পারে তারা; প্রথম ম্যাচে হারিয়ে দেয় এসি মিলানকে ৩-২ গোলে। পরের ম্যাচে ২-০ গোলে জেতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এরপরই পুরোপুরি ছন্দপতন; চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৩-০ ব্যবধানে ধরাশায়ী হওয়ার পর সবশেষ ইউভেন্তুসের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি।
প্রীতি ম্যাচে অবশ্যই স্কোরলাইন বা জয়-পরাজয় নিয়ে ভাবার খুব বেশি কিছু নেই। কিন্তু, শেষ দুই ম্যাচে ৬ গোল হজম, পুরো সফরে চার ম্যাচে ৮ গোল হজম করাটা একেবারে হেলায় উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। বৃহস্পতিবার ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচের পর পারলেন না আনচেলত্তিও।
“মাঠে আমাদের দুটি দিক ফুটে উঠেছে। আক্রমণে আমরা খুব ভালো করেছি, কিন্তু রক্ষণে এই দল ডায়মন্ড (মিডফিল্ড) কৌশলে অভ্যস্ত নয়। আমরা অনেক গোল হজম করেছি। আজ ৩টা, বার্সেলোনার বিপক্ষে (৩টা)…আমাদের ভারসাম্যে ঘাটতি আছে এবং আমার সমস্যার সমাধান করতে হবে।”
রেয়াল সাধারণত খেলে থাকে ৪-৩-৩ ফর্মেশনে। আনচেলত্তির পছন্দের কৌশলও তাই। তবে এবার চার মিডফিল্ডার নিয়ে দলকে খেলানোর চেষ্টা করছেন এই ইতালিয়ান কোচ।
এই জায়গায় কাজ করার গুরুত্বের কথাও তুলে ধরলেন দুই মেয়াদে রেয়ালকে অনেক শিরোপা জেতানো আনচেলত্তি।
“সবার আগে আমাদের এই জায়গাটায় উন্নতি করতে হবে। সবকিছুর ওপরে মাঠে পজিশনিং বিষয়টাই মূল, মনোযোগ দেওয়া এবং লক্ষ্যে স্থির থাকা। উপরে উঠে প্রতিপক্ষের ওপর চাপ দেওয়ায় আমরা ভালো করেছি, কিন্তু রক্ষণে আমরা ছিলাম দুর্বল।”
এই প্রাক-মৌসুমে দলের পারফরম্যান্সের ওপর গ্রেপ পয়েন্ট দিতে হলে কত দিবেন?- উত্তরে আনচেলত্তি বললেন ‘৬’।
“এটা এখন নিশ্চিত যে, ঘাটতিগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন আমরা দুই দিন বিশ্রাম নিব এবং তারপরও রক্ষণ নিয়ে কাজ করব।”
মৌসুমে মূল লড়াই শুরুর আগে অবশ্য চোটের ধাক্কায় রক্ষণ নিয়ে সমস্যা কিছুটা রয়েই যাচ্ছে; ফরাসি লেফট-ব্যাক ফেরলঁদ মঁদি চোট পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন। আর এই গ্রীষ্মেই দলে আসা তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের হাঁটুর সমস্যায় আরও কিছু বেশি দিন বাইরে থাকবেন।
আগামী ১২ অগাস্ট আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে রেয়াল।
