২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পেছাল মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ, কবে শুরু ‘অজানা’

কবে নাগাদ এই আলোচিত টুর্নামেন্ট মাঠে গড়াবে, বলতে পারেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 05:41 PM

Updated : 10 Jun 2023, 05:41 PM

জমকালো আয়োজন করে লোগো, ট্রফি উন্মোচন। এরপর দুই দফা উইমেন’স সুপার লিগ শুরুর দিন জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১০ জুন, অর্থাৎ এই শনিবার তা শুরুর কথা ছিল, কিন্তু হয়নি। কবে নাগাদ মাঠে গড়াবে, তাও বলতে পারেননি বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

গত মার্চে বাফুফে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট শুরুর ঘোষণা। মেয়েদের ফুটবলে এ ধরনের আয়োজনের প্রথম ঘোষণা চমক জাগিয়েছিল বেশ। টুর্নামেন্ট শুরুর ঘোষণা তখন দেওয়া হয় ১৫ মে।

মে মাসের শেষ দিকে এসে জরুরি সভা ঢেকে আবার প্রতিযোগিতা শুরুর দিনক্ষণ জানায় বাফুফে। তখন বলা হয়েছিল ১০ জুনের কথা। কিন্তু এবারও কথা রাখতে পারেনি দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। 

এই টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন বলতে গেলে অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা। কবে নাগাদ শুরু হতে পারে, সে বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কিরণ দিতে পারেননি কোনো সদুত্তর। 

“আগে দলগুলো আমাদের নিশ্চয়তা দিয়েছিল, যে কারণেই হোক, তারা সরে দাঁড়িয়েছে। এখন আমরা নতুন করে টিম খুঁজছি। কিছু এগিয়েছে। আমরা এ মাসেই করব নাকি পরের মাসে করব- তো এ ব্যাপারগুলো চূড়ান্তভাবে আপনাদের জানাতে হলে এখনও তিন-চার দিন সময় লাগবে।” 

এই ‘তিন-চার’ দিন যেন ফুরাচ্ছে না বাফুফের। কিন্তু ধৈর্য ফুরিয়েছে মেয়েদের। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বিডিনিউজের সঙ্গে আলাপচারিতায় জানালেন ‘আশা না দেখার কথা’। 

“এই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না। এটা নিয়ে আমি হতাশ। এটা নিয়ে আমি আর এখন কোনো আশা দেখি না। মেয়েরা এটা নিয়ে অনেক আশাবাদী ছিল, কিন্তু ফাইনালি এটা হচ্ছে না…।” 

“এর আগে যখন টুর্নামেন্ট শুরুর তারিখ বদল হলো, তখন মেয়েদের আমি বুঝিয়েছিলাম, আশাও দেখিয়েছিলাম, কিন্তু এখন আর সেটাও দেখাতে পারছি না। আমার এবং আরও কয়েক জনের ভারতে খেলার প্রস্তাব ছিল, এই টুর্নামেন্টের জন্যই আমরা যেতে পারিনি। এখন এটাও হচ্ছে না…আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম কেবল আমরা।”