২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়াঞ্জ অ্যারেনায়ও বায়ার্নকে ‘আক্রমণ’ করতে চান রদ্রি

ফিরতি লেগ বায়ার্ন মিউনিখের মাঠে হলেও ভড়কাচ্ছেন না ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 04:55 PM

Updated : 12 Apr 2023, 04:55 PM

হারের পর টমাস টুখেল হুমকির সুরে মনে করিয়ে দিয়েছেন, ফিরতি লেগ তাদের মাঠে। জয়ের পর পেপ গুয়ার্দিওলাও অতীত অভিজ্ঞতার ঝাঁপি মেলে বলেছেন, বায়ার্ন মিউনিখের মাঠে খেলা প্রতিপক্ষের জন্য কতটা কঠিন। সেই কঠিনেরে ভালোবাসছেন রদ্রি। প্রথম লেগে দারুণ একটি গোল করা এই স্প্যানিশ মিডফিল্ডার ফিরতি লেগেও আক্রমণে জেরবার করে দিতে চান বায়ার্নকে।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার বায়ার্নকে ৩-০ গোলে উড়িয়ে দেয় সিটি। বায়ার্নের আঙিনা আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগ মাঠে গড়াবে আগামী বুধবার।

দুর্দান্ত সিটিকে টপকে সেমি-ফাইনালে উঠতে বায়ার্নের সামনের পথটা এখন অনেক কঠিন। তিন গোলের ব্যবধান ঘুচিয়ে নেওয়া চাট্টিখানি কথা নয়। তবে দাপুটে জয়ে সেরা চারে এক পা দিয়ে রাখা সিটির মিডফিল্ডার রদ্রিও হাওয়ায় ভাসছেন না। ঘরের মাঠে ২৭তম মিনিটে দারুণ বাঁকানো শটে চ্যাম্পিয়ন্স লিগে ব্যক্তিগত গোলের খাতা খোলা এই ফুটবলারও মানছেন, কাজ বাকি আছে আরও।

নিজেদের মাঠে দারুণ জয় পেলেও সিটি অবশ্য কিছু জায়গায় পিছিয়ে ছিল। যেমন পেপ গুয়ার্দিওলার দলের বল পজেশন ছিল মাত্র ৪৪ শতাংশ, সচারচর যা দেখা যায় না। এই স্প্যানিশ কোচের সময়ে সিটির সর্বনিম্ন বল পজেশন থাকা ম্যাচের তালিকায় এটি পঞ্চম। তবে রদ্রির বিশ্বাস, প্রথম লেগের জয় তাদেরকে জোগাবে ‘আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার রসদ”।

“মাঝেমধ্যে আমাদের বুঝতে হবে যে, আমাদের বল পজেশন ৮০ শতাংশ হবে না। তারাও (প্রতিপক্ষরা) খেলে এবং তাদেরও বল পায়ের রাখার মতো মেধাবী খেলোয়াড় আছে এবং আমরাও (কখনও কখনও) বল পায়ে স্বচ্ছন্দ্যবোধ করিনি।”

“কিন্তু আমরা ঠিকঠাক ম্যাচের গতিপথ বুঝতে পেরেছি এবং সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। আমার গোলটিও এলো দল যখন ভুগছিল, তখন।”

প্রতিপক্ষের মাঠে খেলতে যাওয়া নিয়েও রদ্রির মনে কাজ করছে না কোনো ভীতি। দ্বিতীয় লেগকে ‘আরেকটি ফাইনাল’ ধরে টুখেলের দলকে আক্রমণ করার পরিকল্পনাই এই স্প্যানিশ মিডফিল্ডারের।

“আমরা মনে করি না, আমাদের কাজ শেষ হয়েছে। অবশ্যই, আমরা জানি ফিরতি লেগের ম্যাচ খেলতে কোথায় যাব। বায়ার্ন সম্পর্কে আমরা জানি। (প্রথম লেগের) এটা ভালো ফল এবং আমরা নিজেদের পারফরম্যান্সে খুশি। এর বেশি কিছু ভাবছি না।”

“এখন আমরা প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মুখোমুখি হব এবং যখন ফিরতি লেগে তাদের মাঠে তাদের (বায়ার্ন) মুখোমুখি হব, ম্যাচটিকে আমাদের ধরে নিতে হবে আরেকটি ফাইনাল। আমি মনে করি, পরের ধাপে যেতে হলে ওই ম্যাচটিও আমাদের জয়ের চেষ্টা করতে হবে। রক্ষণাত্মক ফুটবল খেলা যাবে না।”