২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রেবল’ চাই রদ্রির

ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার তিন শিরোপার রঙে রাঙাতে চান মৌসুম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2023, 08:37 PM

Updated : 21 Apr 2023, 08:37 PM

চ্যাম্পিয়ন্স লিগে দুর্বার বেগে ছুটছে ম্যানচেস্টার সিটি। ইউরোপ সেরা মঞ্চের মতো এফএ কাপের সেমি-ফাইনালে উঠেছে তারা। প্রিমিয়ার লিগ টেবিলেও পেপ গুয়ার্দিওলার দল শ্বাস ফেলছে শীর্ষে থাকা আর্সেনালের ঘাড়ে। এই তিন শিরোপাই জিতে মৌসুম রাঙাতে চান দলটির মিডফিল্ডার রদ্রি। 

বায়ার্ন মিউনিখকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে সিটি। শনিবার তারা এফএ কাপের শেষ চারে মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেডের। 

লিগে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। অবশ্য গানারদের চেয়ে গুয়ার্দিওলার দল ম্যাচ খেলেছে একটি কম। সামনেই আর্সেনালের বিপক্ষে ম্যাচ আছে তাদের। ইতিহাদ স্টেডিয়ামের এই ম্যাচটি ঠিক করে দিতে পারে লিগের গতিপথ।

সব মিলিয়ে মুঠোভরে পাওয়ার তৃপ্তি নিয়ে মৌসুম শেষ করার হাতছানি সিটির সামনে। টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে দলের জয়ের অদম্য মানসিকতা ও ক্লান্তি ভুলে ছুটে চলার পাশাপাশি ট্রেবল জয়ের আকাঙক্ষা নিয়েও বলেছেন রদ্রি।

“ট্রেবল জিততে পারলে দারুণ লাগবে। হয়তো এফএ কাপ, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে আপনার তিনটি বছর লেগে যাবে, কিন্তু যদি এগুলো এক মৌসুমেই জেতা যায় …।” 

চাওয়া পুরণের পথও বাতলে দিয়েছেন রদ্রি। মৌসুমের বাকি পথচলায় সিটিকে ‘মেশিন’-এর মতো খেলতে হবে বলে মনে করেন ২৬ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার। 

“আমরা প্রতিটি প্রতিযোগিতায় টিকে আছি। আমরা জানি, এটা আমরা করতে পারব এবং আমরা পথেই আছে। ট্রেবল জিততে পারলে তা আমাদের জন্য প্রথম হবে এবং ক্লাবের জন্য হবে বিশাল কিছু। এখন থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচ জিততে এবং প্রতিপক্ষকে কিছু না দিতে আমাদের যন্ত্রের মতো খেলতে হবে।”