ওয়েস্ট হ্যামের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে আশাবাদী আর্সেনাল কোচ
লিগ কাপে হার নিয়ে খুব বেশি ভাবতে চান না আর্সেনাল কোচ।
চলতি মৌসুমের শুরু থেকে ভালো ছন্দে থাকা আর্সেনালের লিগ কাপের পথচলা থেমে গেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হেরে। এই বিদায়ের ধাক্কা দ্রুতই কাটিয়ে উঠতে চান মিকেল আর্তেতা। প্রিমিয়ার লিগ ম্যাচ সামনে রেখে লন্ডনের ক্লাবটির কোচ বললেন, সবশেষ ম্যাচের হতাশা ভুলে তারা এগিয়ে যেতে চান সামনে।
লিগ কাপে শেষ ষোলোর ম্যাচে গত বুধবার আর্সেনাল হেরে যায় ৩-১ গোলে। প্রাধান্য দেখিয়েই ম্যাচটি জিতে নেয় ওয়েস্ট হ্যাম। ৩-০ তে পিছিয়ে থাকার পর ম্যাচের একদম অন্তিম সময়ে একটি গোল শোধ করেন আর্সেনালের মার্টিন ওডেগোর।
এমন হারের পর মানসিকভাবে দলকে চাঙ্গা করা একটু কঠিনই। তবে আর্তেতার হাতে সময় খুব একটা নেইও। কারণ আগামী শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলতে হবে তাদের।
এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্তেতা বলেছেন, ওয়েস্ট হ্যাম ম্যাচের হার নিয়ে আর ভাবছেন না তারা। নিজেদের উন্নতির দিকে মনোযোগ তার।
“যতবারই আপনি হারবেন, সেটা কাটিয়ে উঠতে কয়েক দিন সময় লাগে, কিন্তু আমাদের পুরো মনোযোগ এখন নিউক্যাসলের (ম্যাচের) দিকে। আমাদের কিছু কাজ আরও অনেক ভালো করতে হবে, (ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে) আমরা কীভাবে লড়াই করেছি এবং বিশেষ করে গোলগুলো হজম করেছি, সেই দিকগুলোতে।”
“আমার মনে হয় না স্কোরলাইনের ম্যাচের পুরো প্রতিফলন আছে, তবে আমাদের আরও ভালো করা উচিত ছিল। জয়ের ধারা চালিয়ে যেতে হলে আপনাকে সর্বোচ্চ স্তরে মান ধরে রাখতে হবে।”
লিগে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে আর্সেনাল। সমান ম্যাচে ২৬ পয়েন্টে শীর্ষে টটেনহ্যাম হটস্পার।
