স্টোনসের চোটে চিন্তিত গুয়ার্দিওলা
ইংলিশ ডিফেন্ডার কবে ফিরতে পারেন, তা নিশ্চিত করেননি ম্যানচেস্টার সিটি কোচ।
এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়ের ম্যাচে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন জন স্টোনস। বিষয়টি চিন্তায় ফেলে দিয়েছে দলটির কোচ পেপ গুয়ার্দিওলাকে। তিনি বলেন, ইংলিশ ডিফেন্ডারের চোট তার কাছে ‘সুবিধার লাগছে না’।
প্রিমিয়ার লিগে বুধবারের ম্যাচে শুরুর একাদশে ছিলেন স্টোনস। ৪৩তম মিনিটে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচটি সিটি জেতে ৩-১ গোলে।
ম্যাচের পর স্টোনসের চোট সম্পর্কে জানতে চাওয়া হলে অ্যামাজন প্রাইমকে গুয়ার্দিওলা বলেন, “ভালো ঠেকছে না, দেখা যাক কী হয়। সে অ্যাঙ্কেলে চোট পেয়েছে।”
স্টোনস কবে ফিরতে পারেন, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি গুয়ার্দিওলা।
এই মৌসুমের শুরু থেকেই চোট নিয়ে ভুগছেন স্টোনস। এর আগে নিতম্বের সমস্যার কারণে মিস করেন অনেকগুলো ম্যাচ। এভারটন ম্যাচটি ছিল এবারের লিগে এই অভিজ্ঞ ফুটবলারের মাত্র অষ্টম ম্যাচ।
ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শিরোপাধারীরা।
