২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ অভিষেকে বোর্জেসের হ্যাটট্রিক

প্রথম ব্রাজিলিয়ান হিসেবে মেয়েদের বিশ্বকাপে অভিষেকেই হ্যাটট্রিক করেছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 09:00 PM

Updated : 24 Jul 2023, 09:48 PM

বিশ্বকাপে অভিষেকের ক্ষণ স্বপ্নের রঙে রাঙালেন আরি বোর্জেস। করলেন হ্যাটট্রিক, গড়লেন ইতিহাস। তার অসাধারণ নৈপুণ্যে নারী বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেল ব্রাজিল।

'এফ' গ্রুপের ম্যাচে সোমবার পানামাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। দুই অর্ধে তিনবার জালে বল পাঠিয়ে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে মেয়েদের বিশ্বকাপে অভিষেকে হ্যাটট্রিকের অনন্য কীর্তি গড়েন বোর্জেস।

ম্যাচের ১৯তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার ২০ মিনিট পর ব্যবধান ২-০ করেন বোর্জেস। দলের তৃতীয় গোলেও অবদান রাখেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। ব্যকহিল পাসে বিয়া জানেরাত্তোর গোলে অবদান রাখার পর ৭০তম মিনিটে হ্যাটট্রিক পূরন করেন বোর্জেস।

দারুণ এই জয়ে নারী বিশ্বকাপে ৯ আসরেই নিজেদের প্রথম ম্যাচে জয়ের রেকর্ড ধরে রাখল ব্রাজিল।

প্রথম রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। গত রোববার গ্রুপের অন্য দুই দল ফ্রান্স ও জ্যামাইকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।