আতলেতিকোর বিপক্ষে কোনো ভুল করা যাবে না, খেলোয়াড়দের বরুশিয়া কোচ
দিয়েগো সিমেওনের দলের বিপক্ষে নিখুঁত ম্যাচ খেলতে চান বরুশিয়া ডর্টমুন্ড কোচ এদিন তেরজিচ।
ছোট্ট কোনো ভুলের জন্য গুণতে হতে পারে চড়া মাশুল। তাই আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে ভীষণ সাবধানী বরুশিয়া ডর্টমুন্ড কোচ এদিন তেরজিচ। তিনি বলেছেন, দিয়েগো সিমেওনের দলের বিপক্ষে নিখুঁত ম্যাচ দেখতে চান তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে আতলেতিকোর মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া। বুধবার প্রথম লেগের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
১৯৯৭ সালে ইউরোপ সেরার মঞ্চে শিরোপা জিতেছিল ডর্টমুন্ড। তিনবার ফাইনালে খেলা আতলেতিকো এখনও আছে নিজেদের প্রথম শিরোপার সন্ধানে।
ইউরোপীয় প্রতিযোগিতায় জার্মান ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের সবশেষ তিন ম্যাচের দুটিতে জিতেছে আতলেতিকো। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তেরজিচ বললেন, এমন প্রতিপক্ষের বিপক্ষে ভুল করলে ভুগতেই হবে। সেটাই এড়াতে চান নিখুঁত ম্যাচ খেলে।
“আক্রমণে অনেক উন্নতি করেছে আতলেতিকো আর আমাদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ। আমরা জানি, কোনো ভুল করা যাবে না।”
“তারা এমন একটা পর্যায়ে আছে, যেখানে নিজেদের খেলার ধরণ আমাদের ওপর চাপিয়ে দিতে পারে। এমন ক্ষেত্রে আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে। সবাই আতলেতিকোর সাফল্য সম্পর্কে জানে। তারা রক্ষণের নতুন একটা ঘরানা বাস্তবায়ন করেছে। বিশ্বের যে কোনো দলের জন্যই এর মুখোমুখি হওয়া কঠিন।”
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয় নিয়ে ওয়ান্দা মেত্রোপলিতানোয় আসছে বরুশিয়া। তবে আতলেতিকোর মাঠের চ্যালেঞ্জ ভালোভাবেই জানা তেরজিচের। চলতি মৌসুমে মেত্রোপলিতানোয় কেবল দুটি ম্যাচে হেরেছে দিয়েগো সিমেওনের দল। সেটাকে তিনে পরিণত করতে উন্মুখ ডর্টমুন্ড কোচ।
“ওদের স্টেডিয়ামে কাজটা সহজ হবে না। তবে আমরা আশাবাদী, এই পরীক্ষায় উতরে এগিয়ে যেতে পারব। আমরা জানি, তারা কতটা ভালো দল এবং কীভাবে লড়াই করে। তবে আমরাও নিজেদের সেরাটা দেখাতে প্রস্তুত। আমাদের অবশ্যই একটি দল হিসেবে খেলতে হবে।”
