২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিতে থেকে যাচ্ছেন সিলভা-ওয়াকার, খবর ইএসপিএনের

বের্নার্দো সিলভা ও কাইল ওয়াকারের সঙ্গে নতুন চুক্তি করার ‘খুব কাছে’ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

সিটিতে থেকে যাচ্ছেন সিলভা-ওয়াকার, খবর ইএসপিএনের

উদযাপন করছেন কাইল ওয়াকার (বাঁয়ে) ও বের্নার্দো সিলভা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 04:21 PM

Updated : 22 Aug 2023, 04:29 PM

ম্যানচেস্টার সিটি ছাড়ছেন বের্নার্দো সিলভা ও কাইল ওয়াকার, অনেকদিন ধরেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। এর মাঝেই এবার নতুন খবর দিল ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। গত মৌসুমে ট্রেবল জেতা ক্লাবে থেকে যাচ্ছেন দুই খেলোয়াড়। 

সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ইএসপিএন জানিয়েছে, সিলভা ও ওয়াকারের সঙ্গে নতুন চুক্তি করার খুব কাছে সিটি। 

ইংলিশ ডিফেন্ডার ওয়াকারকে প্রস্তাব দিয়েছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আর সিলভাকে দলে নিতে চায় বার্সেলোনা, পিএসজি ও সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। 

ইএসপিএন তাদের প্রতিবেদনে আরও বলেছে, ক্লাব ছেড়ে যাওয়া রিয়াদ মাহরেজের জায়গায় নতুন উইঙ্গার ও হ্যামস্ট্রিং চোটে লম্বা সময়ের জন্য ছিটকে পড়া কেভিন ডে ব্রুইনের জায়গায় নতুন মিডফিল্ডারের খোঁজে আছে সিটি। 

সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপ জয়ের ম্যাচে এবং লিগে গত শনিবার নিউক্যাসলের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে খেলেননি সিলভা। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে রোববারের লড়াইয়ে তাকে ফিট পাওয়ার আশা করছে সিটি। এই সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা তার।