২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে ভলিবলের দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট

মিরপুর ইনডোর স্টেডিয়াম ও কক্সবাজারে হবে আসর দুটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 06:45 PM

Updated : 20 Dec 2022, 06:45 PM

ক্রিকেট ও ফুটবলের মতো ভলিবলকেও দেশজুড়ে জনপ্রিয় করে তুলতে চায় জাতীয় ভলিবল ফেডারেশন। ভলিবলকে সামনে এগিয়ে নিতে স্কুল পর্যায়ে ছেলে ও মেয়েদের জন্য ভলিবল টুর্নামেন্ট আয়োজন করার ভাবনা চলছে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের সভাপতি মোঃ আতিকুল ইসলাম।

রাজধানীর গুলশা‌নে নগর ভব‌নে মঙ্গলবার 'বঙ্গবন্ধু এ‌শিয়ান সেন্ট্রাল জোন মেন’স ভলিবল চ্যা‌লেঞ্জ কাপ ২০২২' এবং 'বঙ্গবন্ধু এ‌শিয়ান সেন্ট্রাল জোন মেন’স ও উইমেন’স আন্তর্জাতিক বিচ ভ‌লিবল চ্যাম্পিয়নশিপ-২০২২' টুর্নামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান মেয়র।

আগামী বৃহস্পতিবার থেকে সোমবার মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে এশিয়ান সেন্ট্রাল জোন মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপ এবং আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর কক্সবাজে হবে বঙ্গবন্ধু এ‌শিয়ান সেন্ট্রাল জোন মেন’স ও উইমেন’স আন্তর্জাতিক বিচ ভ‌লিবল চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নেবে বাংলা‌দেশ, শ্রীলঙ্কা, নেপাল ও কির‌‌গিজস্তান।

ভলিবলের জনপ্রিয়তা বাড়ানোর তাগিদ জানানোর পাশাপাশি জাতীয় পর্যায়ে নানা উদ্যোগের কথাও এই আয়োজনে জানালেন মেয়র।

“বিজয়ের মাসে আরেকটি যাত্রা শুরু করতে যাচ্ছে ভলিবল। এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। তবে এখন আর ব্যাপকভাবে এটা খেলা হয় না। অনেকটা হারিয়ে যাওয়ার পথে। এজন্য ভলিবলের জনপ্রিয়তা বাড়াতে আমরা কাজ করছি। জাতীয় ভলিবল ফেডারেশনের দায়িত্ব নিয়ে আমি নানা উদ্যোগ গ্রহণ করেছি।' 

“ভলিবল দলকে প্রশিক্ষণের জন্য দেশের বাইরে পাঠাচ্ছি। তাদেরকে বাহরাইনে পাঠিয়েছি। কিছুদিন আগে ইরান থেকে ২১ দিনের প্রশিক্ষণ নিয়ে এসেছে। সঠিক প্রশিক্ষণ পেলে ভলিবলে বাংলাদেশ আরও ভালো করবে। ই‌তোম‌ধ্যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভলিবল নিয়ে আলোচনা শুরু হয়েছে। অলিম্পিক বাছাইয়ের খেলাও বাংলাদেশে আয়োজনের প্রস্তুতি চলছে। বিভিন্ন দেশ বাংলাদেশে এসে খেলবে।”

ট্রফি ও লো‌গো উ‌ন্মোচন অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ ভ‌লিবল ফেডা‌রেশ‌নের সি‌নিয়র সহ-সভাপ‌তি ও টুর্না‌মেন্ট ক‌মি‌টির চেয়ারম্যান মো. ইউনুস, বাংলা‌দেশ ভ‌লিবল ফেডা‌রেশ‌নের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সহ-সভাপ‌তি তা‌বিউর রহমান পা‌লোয়ান ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।