‘নেপালকে এবার ওদের মাঠেই হারাব’, মতিনের আশাবাদ
সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের জয় অনুপ্রেরণা যোগাচ্ছে ছেলেদেরকে।
কাঠমান্ডুতে সবশেষ স্মৃতি সুখের নয় মোটেও। তিন জাতি টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। আসছে প্রীতি ম্যাচে সেই ক্ষতে প্রলেপ দিতে মুখিয়ে হাভিয়ের কাবরেরার দল। ফরোয়ার্ড মতিন মিয়া প্রত্যয়ী কণ্ঠে জানালেন, নেপালকে এবার হারাতে চান তাদের মাঠেই।
দশরথ স্টেডিয়ামে আগামী মঙ্গলবার প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দুদিন আগে কম্বোডিয়াকে তাদের মাঠে ১-০ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়ে নেপালে নোঙর ফেলেছে বাংলাদেশ।
১৫ ঘণ্টার ভ্রমণক্লান্তি দূর করে শনিবার দশরথের পাশে আর্মি হেডকোয়াটার মাঠে প্রস্তুতি নিয়েছে দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানোর ভিডিও বার্তায় কোচ কাবরেরা জানিয়েছেন, নেপালের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টার কথা।
“কম্বোডিয়া থেকে নেপালে আসার ১৫ ঘণ্টার ভ্রমণ সহজ নয়, ছেলেরা অবশ্যই ওই ম্যাচের এবং ভ্রমণের পর ক্লান্ত। গত রাতে ঠিকঠাক বিশ্রাম নিয়েছে তারা। কাঠমান্ডুতে আজ আমরা প্রথম সেশন করেছি। আবহাওয়া ভালো, কিন্তু সমস্যা হচ্ছে ভারি বৃষ্টির কারণে মাঠের কন্ডিশন খুবই খারাপ। আমরা এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। রিকভারির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে করে খেলোয়াড়রা নেপালের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারে।”
বাংলাদেশ কোচ হিসেবে কম্বোডিয়া ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়েছেন কাবরেরা। ওই জয় ভুলে তিনি এখন মনোযোগী নেপাল ম্যাচের ছকে।
“আমরা জানতাম কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ কঠিন হবে। শুরুর ১০-১৫ মিনিট খুবই কঠিন ছিল; তবে ছেলেরা আধিপত্য করেছে; দ্বিতীয়ার্ধে রক্ষণে আমরা সাচ্ছ্বন্দ্য ছিলাম। ওরা বল পেয়েছে, কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারেনি। আমাদের লক্ষ্য ছিল সেখানে জেতা, সেটা করতে পেরেছি। আমি খুশি। কিন্তু এটাই যথেষ্ট নয়, এখন আমাদের নতুন লক্ষ্য নেপাল ম্যাচ।”
ত্রিদেশীয় ওই টুর্নামেন্টে হারের পর ২০২১ সালেই সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। মালদ্বীপের মালেতে ম্যাচটি হয়েছিল ১-১ ড্র।
কদিন আগে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে উড়িয়ে শিরোপা উৎসব করেছে বাংলাদেশ। মেয়েদের জয় থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা জানালেন মতিনও।
“মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, এটা আসলে আমাদের জন্য গর্বের। আমাদের দেশের জন্য বড় একটা পাওয়া। আমরাও প্রথম থেকে বলে আসছি, এই দুই ম্যাচ জেতার জন্য খেলব। কম্বোডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলে জিততে পেরেছি, যেহেতু আমরা প্রথম ম্যাচ জিততে পেরেছি, আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। পরের ম্যাচ নেপালের সঙ্গে, আমরাও চাই তাদের বিপক্ষে জিততে। জয়ের জন্যই আমরা খেলব।”
“(কাঠমান্ডুতে) সবশেষ দেখায় আমরা নেপালের কাছে হেরেছি, কিন্তু এবার আমরা সবাই একসঙ্গে দীর্ঘদিন কাজ করছি। অনেক অনুশীলন করেছি, কষ্ট করেছি, তাই আশা করছি এবার আমরা ওদেরকে ওদের মাঠেই হারিয়ে যাব। এখানকার আবহাওয়া ভালো, দলের সবাইও ভালো আছে। সবাই মনপ্রাণ দিয়ে অনুশীলন করছে, যাতে করে পরের ম্যাচও আমরা জিততে পারি।”
