২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলান্ডের ‘রুটিনে’ মজে গেছেন কোচ

ম্যাচের পর ম্যাচে হলান্ডের গোল আর তাকে নিয়ে চর্চা দারুণ উপভোগ করছেন ম্যান সিটি কোচ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 10:27 AM

Updated : 07 Sep 2022, 12:17 PM

ম্যাচের পর ম্যাচে আর্লিং হলান্ডের গোল। তাকে নিয়ে চর্চা ও প্রশ্ন। প্রশংসা ও স্তুতির জোয়ার। পরের ম্যাচে আবার গোল, রেকর্ড, অর্জন। আবার তাকে ঘিরে উচ্ছ্বাস। সবকিছু যেন আনন্দময় একটা চক্র। সেই পালায় দারুণভাবে ডুবে গেছেন পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচের চাওয়া, চলতে থাকুক এই ভালো লাগার দোলা।

ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ শুরুর পর চ্যাম্পিয়ন্স লিগেও উজ্জ্বল সূচনা করেছেন হলান্ড। ইউরোপ সেরার মঞ্চে নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচে এই ফরোয়ার্ড করেছেন দুই গোল। সেভিয়ার বিপক্ষে মঙ্গলবার তার দল জিতেছে ৪-০ গোলে।

বরুশিয়া ডর্টমুন্ডে থাকার সময় গোলের যে স্রোতে ভেসেছেন হলান্ড, নতুন ক্লাবে সেই জোয়ার বয়ে এনেছেন যেন নতুন উদ্যমে। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে ১২ গোল হয়ে গেল তার স্রেফ ৮ ম্যাচেই।

অবিশ্বাস্যভাবে, চ্যাম্পিয়ন্স লিগে ২০ ম্যাচেই তার গোল হয়ে গেল ২৫টি। তার চেয়ে কম ম্যাচে ২৫ গোল করতে এই প্রতিযোগিতার ইতিহাসে আর কেউ পারেনি। ২২ বছর ৪৭ দিন বয়সে মাইলফলক ছুঁয়ে সর্বকনিষ্ঠ হিসেবে ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপের রেকর্ডও।

সব মিলিয়ে আরও একটি ম্যাচ, আরও একবার নায়ক তিনি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও আলোচনা তাকে ঘিরেই। কোচ গুয়ার্দিওলা বললেন, এই ধারা তার মনে ধরেছে দারুণ।

“এই রুটিন আমার দারুণ লাগছে। প্রতিটি ম্যাচ শেষেই সংবাদ সম্মেলনে এটা রুটিন হয়ে দাঁড়িয়েছে যে তাকে নিয়ে ও তার পারফরম্যান্স নিয়ে আমাকে প্রশ্ন করা হবে। আশা করি, এই রুটিন সে ধরে রাখবে।”

“তার পরিসংখ্যানই কথা বলছে তার হয়ে। স্রেফ এই দুই গোলই নয়, সে এসব করেই আসছে। আর তাকে নিয়ে সবসময়ই মনে হয় যেন, আরও গোল আসছে, আরও গোল করবে।”

হলান্ডের পারফরম্যান্সে মুগ্ধ সিটি অধিনায়ক কেভিন ডে ব্রুইনেও। তবে সেই ভালো লাগা শুধু গোলের কারণে নয়। হলান্ড ‘গোল মেশিন’ আগে থেকেই। গোলের চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটি দিক তুলে ধরলেন ডে ব্রুইনে।

“আমার মনে হয়, যেভাবে সে আমাদের সঙ্গে মানিয়ে নিয়েছে, তা দারুণ। গোলস্কোরিংয়ের বাইরেও ফুটবলের অন্য অনেক দিক আছে। সেসবে মানিয়ে নেওয়া আরও কঠিন।”

“সে যখন আরও ভালোভাবে মিশে যাবে, তখন সেটির ফলাফল দেখাটা হবে আরও রোমাঞ্চকর। এত গোল করলে এমনিতেই অনেক কিছু ঠিকঠাক হয়ে যায়। সে যদি এভাবে গোল করতে থাকে, আমরা জানি যে আমাদের জন্য তা দারুণ ব্যাপার।”