রেকর্ড দর্শকের সামনে মেসির ঝলকে মায়ামির জয়
বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করার পাশাপাশি জাদুকরি পাস দিয়ে একটি গোলে সহায়তা করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।
৭০ হাজার দর্শকের প্রত্যাশা করা হচ্ছিল। শেষ পর্যন্ত ধারণাকেও কিছুটা ছাড়িয়ে গেল দর্শকসংখ্যা। এত আগ্রহের মূল কারণ তো এই একজনই- লিওনেল মেসি। প্রতিদান দিলেন তিনি দুর্দান্ত পারফরম্যান্সে। দেখার মতো একটি গোল করলেন বক্মের বাইরে থেকে গোলার মতো শটে। বুদ্ধিদীপ্ত পাস থেকে বানিয়ে দিলেন আরও এক গোল। দারুণ বিনোদনের খোরাক জোগানো ম্যাচে জিতল তার দল ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকালে স্পোর্টিং কানসাস সিটিকে ৩-২ গোলে হারায় মায়ামি।
সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচ পর জয়ের দেখা পেল মায়ামি।
গত ২ মার্চের পর এই ম্যাচ দিয়েই মেজর লিগের ম্যাচে শুরুর একাদশে ফেরেন মেসি। তাকে ঘিরেই মিসৌরির কানসাস সিটির ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল তুমুল রোমাঞ্চ। স্পোর্টিং কানসাস তাদের ঘরের ম্যাচগুলি সাধারণত খেলে থাকে সাড়ে ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার চিলড্রেন’স মার্সি পার্ক স্টেডিয়ামে। কিন্তু এই ম্যাচের জন্য তারা বেছে নেয় অ্যারোহেড স্টেডিয়ামকে।
সেখানে এ দিন গ্যালারিতে ছিলেন ৭২ হাজার ৬১০ জন দর্শক।
স্পোর্টিং কানসাসের ২৮ বছরের ইতিহাসে রেকর্ড দর্শক এটি। মিসৌরি রাজ্যেই ফুটবল ম্যাচে এত দর্শক হয়নি আগে।
আগের রেকর্ড ছাড়িয়ে এই ম্যাচে দর্শক ছিল ২০ হাজারের বেশি। ২০১০ সালে অ্যারোহেড স্টেডিয়ামেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সেই সময়ের দল কানসাস সিটি উইজার্ডের প্রীতি ম্যাচে দর্শক হয়েছিল ২০ হাজার ৪২৪।
গ্যালারি ঠাসা দর্শকদের পয়সা পুরোপুরি উসুল হয়ে যায় ম্যাচ থেকে। মেসি ও মায়ামি তো জ্বলে উঠেছেই, লড়াইয়ে কমতি রাখেনি ঘরের দলও। দারুণ দুটি গোল করেন কানসাসের জার্মান উইঙ্গার এরিক টমি।
ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় কানসাস। বক্সের একটু ভেতরে ডানপ্রান্ত থেকে দুর্দান্ত এক শটে সামনের তিন ডিফেন্ডার ও গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান টমি।
১৮তম মিনিটে চার ডিফেন্ডারের মাঝ দিয়ে চোখধাঁধানো এক পাস দিয়ে কানসাসকে বিভ্রান্ত করেন মেসি। বক্সের ভেতর বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে মায়ামিকে সমতায় ফেরান দিয়েগো গোমেস।
২৭তম মিনিটে বক্সের ভেতর থেকে মেসির শট ঠেকিয়ে দেন কানসাসের গোলকিপার। একটু পর তার একটি হেড বাইরে চলে যায় অল্পের জন্য। ৪১তম মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার বাঁকানো ফ্রি কিক একটুর জন্য চলে যায় বাইরে।
প্রথমার্ধ শেষ হয় সমতায়। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে মেসির গোল। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শট লাফিয়ে নাগাল পাননি কানসাসের গোলকিপার।
এর সাত মিনিট পরই টমির গো সমতায় ফেরে কানসাস। কর্নার থেকে ফিরে আসা বলে বক্সের কোণা থেকে অসাধারণ এক ভলিতে গোল করেন ২৯ বছর বয়সী ফুটবলার।
দুই দল আক্রমণ করে আরও বেশ কিছু। কিন্তু সফল হতে পারছিল না কোনো দলই। ৭১তম মিনিটে কানসাসের রক্ষণের বড় ভুলে গোমেসের পাস পেয়ে খুব কাছ থেকে আলতো টোকায় গোল করেন লুইস সুয়ারেস। সেই গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয় ম্যাচে।
জয়ে ফেরার ম্যাচে মায়ামির জন্য একটু অস্বস্তির ব্যাপার, দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার জর্দি আলবা।
ু
এই জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট মায়ামির। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিউ ইয়র্ক রেড বুলসের।
