২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার্স্টের কাছে, পেলে সব সময়ের সেরা

তার সঙ্গে মাঠে নামতে পেরে আমি গর্বিত, বলেছেন বিশ্বকাপ ইতিহাসের ফাইনালে প্রথম হ্যাটট্রিকের জন্ম দেওয়া জিওফ হার্স্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2022, 09:16 AM

Updated : 30 Dec 2022, 09:16 AM

ফুটবলের সবুজ আঙিনায় পেলে কী বা কতটা ছিলেন, আগেও অনেকবার অনেকে বলেছেন, বুঝিয়েছেন। বিশ্বকাপ ইতিহাসের ফাইনালে প্রথম হ্যাটট্রিকের জন্ম দেওয়া জিওফ হার্স্ট কিংবদন্তির বিদায়ে সেই চেষ্টাই যেন করলেন আরেকবার।

দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মৃত্যুর কোলে ঢোলে পড়েন পেলে।

যেকোনো ক্রীড়া জগতেই ‘কে সেরা’ প্রশ্নটি যেন অবধারিত। তবে ফুটবলে অনেকের কাছেই প্রশ্নটা ‘কে দ্বিতীয় সেরা’ দিয়ে শুরু। তাদের মধ্যে একজন সাবেক ইংলিশ ফুটবলার হার্স্ট।

একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা, ইতিহাসের রেকর্ড গোলদাতা পেলেকে ছাড়া ফুটবলে সিংহাসনে আর কাউকে যেন কল্পনাই করতে পারেন না বিশ্বকাপ জয়ী হার্স্ট।

“পেলের অনেক স্মৃতি আমার মনে উজ্জ্বল। কোনো সন্দেহই নেই যে, যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে সে-ই সেরা (যাদের সঙ্গে একই দলে খেলেছি তাদের মধ্যে ববি মুর সেরা)। আমার কাছে, পেলেই থাকবেন সব সময়ের সেরা হয়ে। তার সঙ্গে মাঠে নামতে পেরে আমি গর্বিত। রেস্ট ইন পিস পেলে, ধন্যবাদ আপনাকে।”

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অল্প কথায় কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়েছেন।

“পেলে: অমর-চিরকাল আমাদের সঙ্গে থাকবেন।”

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কামেসিমো লিখেছেন, “রেস্ট ইন পিস, কিং পেলে। ব্রাজিল ও ফুটবলকে যেভাবে মহিমান্বিত করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার লেগাসি থাকবে চিরকাল।”