২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিরোপা জিততে বায়ার্ন মিউনিখে এসেছি’

নতুন ঠিকানায় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ইংলিশ তারকা স্ট্রাইকার।

‘শিরোপা জিততে বায়ার্ন মিউনিখে এসেছি’

ট্রফির খোঁজে নতুন ঠিকানায় হ্যারি কেইন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 08:41 PM

Updated : 13 Aug 2023, 08:41 PM

টটেনহ্যাম হটস্পারের জার্সিতে বছরের পর বছর গোলের পর গোল করেছেন হ্যারি কেইন। নাম লিখিয়েছেন অনেক রেকর্ডে। কিন্তু কোনো ট্রফি জয়ের স্বাদ কখনও পাওয়া হয়নি তার। সেই আক্ষেপ ঘোচাতেই ঠিকানা বদলে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন বলে জানালেন ইংলিশ তারকা স্ট্রাইকার। 

শৈশবের ক্লাব টটেনহ্যাম ছেড়ে চার বছরের চুক্তিতে শনিবার বায়ার্নে যোগ দেন কেইন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রান্সফার ফির অঙ্কটা ১০ কোটি ইউরো। 

কয়েক ঘন্টা পর নতুন ঠিকানায় হয়ে যায় তার অভিষেকও। যদিও সেটা মনে রাখার মতো হয়নি। শনিবার রাতে জার্মান সুপার কাপের শিরোপা লড়াইয়ে তিনি বদলি নামেন দ্বিতীয়ার্ধে, লাইপজিগের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় বায়ার্ন। 

পরদিন বায়ার্নে নিজের প্রথম সংবাদ সম্মেলনে ৩০ বছর বয়সী কেইন বলেন, চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এবং শিরোপা জিততে জার্মানিতে পাড়ি জমিয়েছেন তিনি। 

"আমার ক্যারিয়ারে আমি ক্রমে উন্নতি করতে চেয়েছি, নিজেকে সবসময় তাড়িত করেছি এবং দেখতে চেয়েছি এই প্রচেষ্টা আমাকে কতদূর নিয়ে যেতে পারে। আমি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চেয়েছি এবং প্রতি বছর শিরোপার জন্য লড়াই করতে চেয়েছি। বায়ার্নে আসাটা আমাকে সেই সুযোগ করে দিয়েছে। আমি সেই চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।” 

ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় টটেনহ্যামে কাটিয়েছেন কেইন। ১১ বছর বয়সে ইংলিশ ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। ২০১০ সালে অভিষেক হয় মূল দলে। ৪৩০ ম্যাচে ২৮০ গোল করে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। 

প্রিমিয়ার লিগে তার গোল দ্বিতীয় সর্বোচ্চ ২১৩টি, রেকর্ডধারী অ্যালান শিয়েরারের চেয়ে ৪৭টি কম। ৮৪ ম্যাচে ৫৮ গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতাও তিনি। তবে ক্লাব ও জাতীয় দলের হয়ে এখনও কোনো শিরোপার স্বাদ তার পাওয়া হয়নি।  

গত বছর রবের্ত লেভানদোভস্কি বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে একজন স্ট্রাইকার খুঁজছিল বায়ার্ন। কেইনকে নিয়ে সেই লক্ষ্য পূরণ করেছে তারা। গত ১১ মৌসুমে প্রতিবার বুন্ডেসলিগা জিতলেও ২০২০ সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি মিউনিখের দলটি। 

টটেনহ্যাম গত মৌসুমে আটে থেকে প্রিমিয়ার লিগ শেষ করায় এবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় তারা নেই। 

জার্মান সুপার কাপ জিততে না পারলেও মৌসুমে বাকি তিনটি শিরোপাই জয়ের লক্ষ্য এখন কেইনের। নতুন ক্লাবে সমর্থকরা যেভাবে তাকে বরণ করে নিয়েছে, তাতে উচ্ছ্বসিত তিনি। 

"আমি যে অভ্যর্থনা পেয়েছি, তা অসাধারণ। অবশ্যই আমি এখানে আসতে চেয়েছিলাম এবং গত রাতে জিততে চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। আতঙ্কিত হওয়ার সময় নয় এখন, সামনে দীর্ঘ মৌসুম। আমরা শিরোপা জিততে চাই, কাপ জিততে চাই, চ্যাম্পিয়ন্স লিগও জিততে চাই।”