২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জনে বিরক্ত পিএসজি কোচ

পিএসজির অভিজ্ঞ ডিফেন্ডার সের্হিও রামোসের বিশ্বাস, লম্বা সময়ের জন্য ক্লাবেই থাকবেন ফরাসি ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 05:30 PM

Updated : 12 Oct 2022, 05:37 PM

পিএসজির সঙ্গে কিছু বিষয়ে কিলিয়ান এমবাপের বনিবনা হচ্ছে না বলে কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। দলটির বেনফিকার বিপক্ষে ম্যাচের আগে চলমান ওই গুঞ্জন পায় নতুন মাত্রা; নতুন চুক্তির পাঁচ মাস পরই নাকি ক্লাব ছাড়তে উদগ্রীব ফরাসি ফরোয়ার্ড! প্যারিসের দলটির কোচ অবশ্য পুরো বিষয়টাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন। বললেন, পুরো বিষয়টি তার কাছে বিস্ময়কর।

গত জানুয়ারি থেকে জোর গুঞ্জন শোনা ছিল, চুক্তির মেয়াদ শেষে গ্রীষ্মের দলবদলে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এমবাপে। অনেক জল্পনা কল্পনার পর তিনি থেকে যান পিএসজিতেই। গত মে মাসে দলটির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেন এমবাপে।

বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদমাধ্যম তাদের সূত্রের বরাত দিয়ে পিএসজির সঙ্গে এমবাপের নতুন চুক্তির কিছু শর্ত প্রকাশ করে। এর মধ্যে আছে ক্লাবের দলবদলসহ কিছু ব্যাপারে তার মতামতের প্রাধান্য, নিজের পছন্দের পজিশনে খেলতে দেওয়া ও গ্রীষ্মে নতুন একজন স্ট্রাইকার কেনার মতো কিছু বিষয়। যদিও এসব বিষয়ে কখনোই দুই পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি।

চলতি মৌসুমের শুরুতেই যেন গুঞ্জন উঠেছিল, এমবাপে নাকি চেয়েছিলেন পিএসজি যেন নেইমারকে বিক্রি করে দেয়। আবার দলবদলে পিএসজি শীর্ষ মানের স্বীকৃত স্ট্রাইকার না কেনায় নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ে এমবাপেকে খেলাচ্ছেন ভিন্ন পজিশনে। গত মাসে উয়েফা নেশন্স লিগে খেলার সময় এই প্রসঙ্গে এমবাপে বলেন, জাতীয় দলে তিনি বেশি স্বাধীনতা নিয়ে খেলার সুযোগ পান।

এমন নানা বিষয়ে ক্লাবের সঙ্গে এমবাপের মন কষাকষি চলছে বলে ইউরোপের অনেক সংবাদমাধ্যমে মঙ্গলবার খবর আসে। এর মাঝেই এদিন রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের বেনফিকার মুখোমুখি হয় পিএসজি। ১-১ গোলে ড্র ম্যাচটিতে দলের একমাত্র গোলটিও করেন তিনি।

তবে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে ম্যাচের আগে ও পরে এমবাপেকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তার ক্লাব ছাড়ার গুঞ্জন নিয়ে। ক্লাবে এমবাপে নাকি নিজেকে ‘প্রতারিত’ মনে করছেন এবং আগামী জানুয়ারিতে ঠিকানা পরিবর্তন করতে চান তিনি।

বেনফিকা ম্যাচের পর এই বিষয়ে জানতে চাওয়া হলে আরএমসি স্পোর্টকে গালতিয়ে বলেন, এমবাপের ক্লাব ছাড়ার গুঞ্জনে তিনি বিরক্ত।

“আজ বিকেলে আমরা তাকে নিয়ে অনেক কথা বলেছি। আমি তার সঙ্গে এটি নিয়ে কথা বলিনি, আমাদের একমাত্র লক্ষ্য ছিল ম্যাচে।”

“গুজব নিয়ে বলতে হলে, আমরা তথ্য তৈরি করি এবং সেখান থেকে বিবৃতি দিই। আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচের কয়েক ঘন্টা আগে এমন কিছু খুব বিস্ময়কর ছিল…”

গালতিয়ের মতে, তাদের মতো এমবাপেরও পূর্ণ মনোযোগ ছিল ম্যাচের দিকেই।

“সে দলকে অনেক কিছু দিয়েছে, সে দেখিয়েছে যে সে একজন দুর্দান্ত খেলোয়াড়। ম্যাচ ও মাঠের লড়াইয়েই তার সব মনোযোগ।”

ক্যানেল প্লাসের সঙ্গে আলাপচারিতায় পিএসজির অভিজ্ঞ ডিফেন্ডার সের্হিও রামোস বলেন, ক্লাবে ভালো আছেন এমবাপে।

“আমি আপনাদের কেবল বলতে পারি, কিলিয়ানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো এবং সে এখানে খুব খুশি। আমি গুজবে বিশ্বাস করি না, আমরা শুধু আমাদের কাজে মনোযোগী, আমরা সংবাদপত্র পড়ি না।”

এরপর ইএসপিএনকে রামোস জানান, কোচের মতো খবরটি তাকেও বিস্মিত করেছে।

“চারপাশের খবরগুলো মাঝে মাঝে আমাদের অবাক করে। আশা করি, সে অনেক বছর এখানে থাকবে।”