২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুমে রেকর্ড আয় সিটির

ইংলিশ ক্লাবের ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ম্যানচেস্টারের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 10:21 PM

Updated : 07 Nov 2022, 10:21 PM

মহামারীকালের অর্থনৈতিক মন্দা পেছনে ফেলতে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ী দলটি গত বছর ক্লাব রেকর্ড ৬১ কোটি ৩০ লাখ পাউন্ড আয় করেছে। আর লাভ করেছে চার কোটি ১৭ লাখ পাউন্ড।

ইংলিশ ক্লাবগুলোর ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন সিটির। শীর্ষে আছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড; ২০১৯ সালে ৬২ কোটি ৭০ লাখ পাউন্ড আয় করেছিল তারা।

২০০৮ সালে আবু ধাবি ইউনাইটেড গ্রুপ সিটির মালিকানা কেনার পর থেকে ছয়টি প্রিমিয়ার লিগসহ অনেকগুলো শিরোপা জিতেছে দলটি।

তবে এখনও চ্যাম্পিয়ন্স লিগে চূড়ান্ত সাফল্য পায়নি সিটি। গত মৌসুমে সেমি-ফাইনাল থেকে তাদের বিদায় করে দেয় পরে চ্যাম্পিয়ন হওয়া রিয়াল মাদ্রিদ।

আগের বছরের তুলনায় এবার সিটির রাজস্ব বেড়েছে চার কোটি ৩২ লাখ পাউন্ড। কোভিড মহামারীর কারণে গত বছর অধিকাংশ ম্যাচই হয়েছিল দর্শকহীন মাঠে, যার প্রভাব পড়েছিল ইউরোপের সব বড় দলগুলোর আয়ের খাতে।

২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে খেলোয়াড় বিক্রি থেকে ছয় কোটি ৭৬ লাখ পাউন্ড লাভ করেছে সিটি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত পাঁচ বছরে খেলোয়াড় বিক্রি থেকে তাদের আয় হয়েছে ২৫ কোটি পাউন্ড।